‘হিংসায়’ বিবাহিত পুরুষরা জায়েদ খানের ইনবক্সে ‘গালিগালাজ’ করেন

বিবাহিত পুরুষদের বিরুদ্ধে “গালিগালাজ” ও “বাজে কথা” বলার অভিযোগ তুলেছেন চিত্রনায়ক জায়েদ খান। এর কারণ হিসেবে তিনি বলেছেন, “অনেক বিবাহিত মেয়েই তাদের মোবাইলে আমার ছবি রাখেন, আমাকে পছন্দ করেন। সেটাই হয়তো তাদের স্বামীরা পছন্দ করেন না। সেজন্য আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বাজে কথা বলে। গালিগালাজ করে।”

সম্প্রতি চিত্রনায়িকা রোজিনা পরিচালিত সিনেমা “ফিরে দেখা” নিয়ে করা একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জায়েদ খান।

এর আগে জায়েদ খান একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, মেয়েরা তাকে বেশ পছন্দ করেন। তার ইনবক্সে মেয়েদের মেসেজের পরিমাণ বেশি থাকে। এমনকি অনেকেই তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

রাশির প্রভাবে মেয়েরা তাকে পছন্দ করেন জানিয়ে তিনি বলেন, “আমার মনে হয়, আমাকে পছন্দ করার পেছনে রাশির প্রভাব আছে। কন্যা রাশি আর সিংহ রাশির মিশ্রণ আমার। হয়তো-বা এ কারণেই আমার প্রতি আকর্ষণটা বেশি বোধ করে কন্যারা। সে কারণেই মনে হয় আমার সবকিছুতে বেশি বেশি। তবে আপনি অবাক হয়ে যাবেন- এটা বলতেই হয়। ফেসবুকে কোনো মেয়ে আমার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেননি। মেয়েরা কখনো ইনবক্সে বাজে কথা বলেনি। অনেক ছেলেরা বলেছে।”

অধিকাংশ মেয়েই তাকে অবিবাহিত দেখতে চান বলেও মন্তব্য করেন জায়েদ খান। তার দাবি, “মেয়েরা চায় না আমি বিয়ে করি। তারা আমাকে এ রকম সিঙ্গেল হিসেবে দেখতেই পছন্দ করেন।”

সম্প্রতি বেসরকারি টেলিভিশন আরটিভির এক অনুষ্ঠানে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “যারা আমার সমালোচনা করেন, তাদের অবস্থান কোথায়। তারা আমার সমালোচনা করছে, আর আমি আমেরিকা থেকে এ্যাওয়ার্ড নিয়ে চলে আসছি। আপনি দেখেন তাদের অবস্থান কোথায়? তারা কী জায়েদ খানের জায়গায় কখনো পৌঁছাতে পারবে?”

প্রসঙ্গত, সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন জায়েদ খান। সবশেষ এই অভিনেতা “ছায়াবাজ” নামের একটি সিনেমায় কাজ করেছেন। যেখানে তার বিপরীতে ছিলেন কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। তবে প্রযোজক ও নায়িকার পাল্টাপাল্টি অভিযোগে সেই সিনেমার শুটিং মাঝপথেই বন্ধ হয়ে যায়। সিনেমাটি আলোর মুখ দেখবে কিনা এটিই এখন শঙ্কায়। প্রযোজক জানিয়েছেন, জায়েদ-সায়ন্তিকাকে বাদ দিয়ে সিনেমাটি আসতে পারে।