বাংলাদেশে “মুজিব: একটি জাতির রূপকার” সিনেমাটি দর্শক মহলে দারুণ প্রশংসিত হয়েছে। বড়পর্দায় জাতির জনকের বায়োপিক দেখে প্রেক্ষাগৃহ থেকে কেউ অশ্রুসজল চোখে, কেউ আপ্লুত মনে মুগ্ধতা প্রকাশ করতে করতে বের হচ্ছেন। এমনকি দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় সিনেমাটির হল এবং শো সংখ্যাও বেড়েছে।
বাংলাদেশে সাড়া জাগানোর পর শুক্রবার (২৭ অক্টোবর) প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পেতে যাচ্ছে “মুজিব: একটি জাতির রূপকার”। বুধবার এ উপলক্ষে ভারতের মুম্বাইয়ের ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমার থিয়েটার হলে বাংলা এবং হিন্দি দুই ভাষায়ই সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে বলিউডের অনেক তারকাই উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের দুই ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন এবং প্রতুল কুমার।
ভারতের মুম্বাইয়ে “মুজিব: একটি জাতির রূপকার” সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত বলিউড তারকাদের মধ্যে ছিলেন কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ, এ প্রজন্মের তারকা অভিনেত্রী অদিতি রাও হায়দারি, সংগীত পরিচালক শান্তনু মৈত্র, অভিনেতা রজিত কাপুর, তুমুল জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল, গুণী অভিনেত্রী দিব্যা দত্ত, দক্ষিণ ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ প্রমুখ।
প্রিমিয়ারে গণমাধ্যমের মুখোমুখি হয়ে “মুজিব” সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল বলেন, “সত্যি বলতে এই ছবির নির্মাণকাজ আমি উপভোগ করেছি। আমি সম্মানিত যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিবের কন্যা ছবিটি পছন্দ করেছেন।”
“মুজিব” সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। উচ্ছ্বাস প্রকাশ করে জনপ্রিয় এ কণ্ঠশিল্পী বলেন, “এই ছবির অংশ হতে পেরে আমি আনন্দিত। এটা বাস্তব জীবনের গল্প এবং এক মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বের একটা উপহার বলা যেতে পারে ছবিটিকে। আমি মনে করি, এটা এমন এক গল্প যেটা পুরো জাতির সামনে আনা প্রয়োজন। সত্যিই এর অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি।”
এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড়পর্দার মুজিব আরিফিন শুভ বলেন, “শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে এটা আমার চার বছরের একটা যাত্রা। এটা আমি সারা জীবন মনে রাখব। আর এই যে ইতিহাস বা গল্প, এটা শুধু বাংলাদেশের না। ৪৭ থেকে ৫২ এবং এরপর ৭১ সাল; ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো। এটা যদিও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, কিন্তু এখানে এমন অনেক কিছু আছে, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন দুই দেশ মিলে পরষ্পরের জন্য কত কী করেছে।”
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বাংলাদেশের মুক্তি পায় ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর “মুজিব: একটি জাতির রূপকার”। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত সিনেমাটিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ।
এছাড়া বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব রেনুর ভূমিকায় নুসরাত ইমরোজ তিশা ও প্রার্থনা ফারদিন দীঘি (রেনুর ছোটবেলার চরিত্রে), শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, শেরেবাংলা এ কে ফজলুল হকের ভূমিকায় শহীদুল আলম সাচ্চু, খন্দকার মোশতাক চরিত্রে ফজলুর রহমান বাবু, আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ, বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফুর রহমানের চরিত্রে চঞ্চল চৌধুরী, বঙ্গবন্ধুর মাতা সায়েরা খাতুনের চরিত্রে দিলারা জামান, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর আহমেদসহ শতাধিক অভিনয়শিল্পী কাজ করেছেন।
২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।