অরুণা বিশ্বাস এ দেশের সিনেমা ইন্ডাস্ট্রির একজন বরেণ্য অভিনেত্রী। অভিনয়ে দর্শকের হৃদয় ছুঁয়েছেন বহু আগেই। এবার নতুন এক অরুণা বিশ্বাসের আগমন ঘটল। প্রথমবার সিনেমা পরিচালনা করলেন তিনি। নাম “অসম্ভব”।
শুক্রবার (৩ নভেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটি। সরকারি অনুদানের এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন গাজী আব্দুন নূর ও সোহানা সাবা।
আরও আছেন- আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, শাহেদ শরীফ খান, স্বাগতা, শহীদ কাদরী, নাফিস আহমেদ, যাত্রা সম্রাজ্ঞীখ্যাত জ্যোৎস্না বিশ্বাসসহ অনেকে।
সিনেমাটি প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, “আমার সিনেমাটি অনেকদিন পর দর্শককে ফুল কমার্শিয়ালের আনন্দ দেবে। এখানে আমাদের ঐতিহ্য যাত্রাকে আমি তুলে ধরেছি। তার সঙ্গে প্রেম, বিরহ, আনন্দ সবকিছুই রয়েছে সিনেমাটিতে। দর্শক হল থেকে পুরো বিনোদন নিয়ে বের হবে আশা করি।”
উল্লেখ্য, “অসম্ভব” ঢাকা ও অন্যান্য জেলার প্রায় ২০ হলে মুক্তি পেয়েছে। সিনেমাটির গানের গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, ভৈরব নাথ গঙ্গোপাধ্যায় এবং গাজী মাজহারুর আনোয়ার। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অনিমা রায়, চম্পা বণিক।