“মিস এভারগ্রিন বাংলাদেশ”র সিজন ওয়ানে দ্বিতীয় রানার আপ হয়েছেন ট্রান্সজেন্ডার নারী ইয়াছিন আহমেদ সকাল। বাংলাদেশের ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে সুন্দরী প্রতিযোগিতায় এই খেতাপ জিতলেন তিনি।
শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো গ্র্যান্ড ফিনালের মাধ্যমে এই আসরের সেরা তিন বিজয়ীর নাম ঘোষাণা করা হয়।
“মিস এভারগ্রিন বাংলাদেশ”র প্রথম আসরের মুকুট জিতেছেন হ্যাপি আকতার মমতাজ এবং প্রথম রানার আপ হয়েছেন নুশরাত জাহান দীপ্তি। মুকুট বিজয়ীকে দুই লাখ টাকার প্রাইজমানি, প্রথম রানার আপকে এক লাখ টাকা ও দ্বিতীয় রানার আপকে ৫০ হাজার টাকার দেওয়া হয়।
ফ্যাশন ডিজাইনার ও কর্ণধার মেসবাহ-উল আলম সাজুর আয়োজনটি অডিশন রাউন্ড থেকেই বেশ সাড়া ফেলে। দেশের প্রায় পাঁচ শতাধিক তরুণী অংশ এতে নেন। তাদের মধ্যে যাচাই বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত সেরা ১৫ জনকে নিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
গ্র্যান্ড ফিনালে বিচারকের দায়িত্বে ছিলেন চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়িকা মাহিয়া মাহি, মৌটুসী বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, অন্তু করিম, জাকিয়া সুলতানা কর্নিয়া, ইভান শাহরিয়ার সোহাগ প্রমুখ।
এই অর্জনকে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতি উৎসর্গ করেছেন ইয়াছিন আহমেদ সকাল। তিনি বলেন, “আমি বিশ্বের সামনে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে চাই। আমার এই জয় মানবতারই জয়। ট্রান্সজেন্ডাররা এখনো সমাজে তাদের স্বীকৃতি তেমন একটা পান না, তাদের প্রতি এই জয় উৎসর্গ করছি।”