“মুজিব: একটি জাতির রূপকার” সিনেমা মুক্তির পর যেন বাতাসে ভাসছেন ঢাকাই সিনেমার হ্যান্ডসাম হাঙ্ক আরিফিন শুভ। গেল শুক্রবার ঘোষণা দিয়েছেন “নীলচক্র” শিরোনামে নতুন সিনেমার। তিন দিন না যেতেই জানা গেল নতুন খবর, এবার ঢাকা নয় কলকাতায় উড়াল দিচ্ছেন ঢালিউড পারফেকশনিস্ট।
কলকাতায় “লহু” শিরোনামে এক ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। এই সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে ওপার বাংলার ওটিটি কুইন সোহিনী সরকারকে। আর সিরিজটি পরিচালনা করছেন রাহুল মুখার্জি। যিনি এর আগে “কিশমিশ” ও “দিলখুশ” নামে দুইটি সিনেমা পরিচালনা করেছেন।
জানা গেছে, এই “লহু” সিরিজ দিয়েই ভারতে যাত্রা শুরু করেছে বাংলাদেশের ওটিটি প্লাটফর্ম চরকি। চলতি মাসে সিরিজটি শুট শুরু হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
চলতি বছরটা আরিফিন শুভর জন্য অন্যরকম আশীর্বাদের। সিনেমা হল ও ওটিটিতে সমানভাবে দাপিয়েছেন তিনি।
ভারতে চরকির কনটেন্টে কাজ করা নিয়ে আরিফিন শুভ গণমাধ্যমে বলেন, “অবশ্যই এটা অনেক আনন্দের ও এক্সসাইটমেন্টের বিষয়। সেটা শুধু আমার জন্য না, আমাদের বাংলাদেশের ওটিটির ও সাধারণ যত দর্শক আছেন তাদের জন্যেও এক্সসাইটমেন্টের যে পশ্চিমবঙ্গে চরকির কাজ হতে যাচ্ছে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। আর সর্বোপরি আমার দর্শকের ভালোবাসা, দোয়া ও সাপোর্টের জন্য এত কিছু; তাদের প্রতি কৃতজ্ঞতা।”
“লহু” সিরিজের জন্য কী কী প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে শুভ বলেন, “স্ক্রিপ্ট পড়েছি। পরিচালকের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কী রকম ও কেমন তা বোঝার চেষ্টা করছি। আর শুটিং শুরু হলে কাজটা আরও ভালোভাবে করতে পারব আশা করছি।”
আরিফিন শুভ আর সোহিনীর সঙ্গে ওয়েব সিরিজে থাকছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী আর অনুজয় চট্টোপাধ্যায়।