Saturday, August 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিন লাক্স সুন্দরীকে নিয়ে আসছে ‘ক্যাফে আমব্রেলা’

চলতি বছরেই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে  

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম

‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর শীর্ষ তিন বিজয়ী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামকে নিয়ে নতুন ওয়েব ফিল্ম নির্মাণ করছেন শিহাব শাহিন। ‘ক্যাফে আমব্রেলা’ নামের এই ফিল্মটির শুটিং শুরু হবে আগামী ১ আগস্ট। ঢাকা ও আশপাশের এলাকা এবং দেশের কয়েকটি জেলায় এর দৃশ্যধারণ হবে। চলতি বছরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নির্মাতা শিহাব শাহিন জানান, ‘ক্যাফে আমব্রেলা’ একটি বহু চরিত্রের সমান্তরাল গল্প। এতে তিন থেকে চারটি আলাদা গল্প পরস্পরের সঙ্গে যুক্ত হবে। রোমান্স ও ড্রামা ঘরানার এই কাজের মূল বিষয় সম্পর্ক, ভালোবাসা ও আবেগ। তবে নামের সঙ্গে মিল থাকলেও গল্পটি কোনো রেস্টুরেন্ট বা খাবারকেন্দ্রিক নয়।

শিহাব শাহিন বলেন, “গ্র্যান্ড ফিনালের দিনই এই তিনজনকে নিয়ে একটি কাজের ঘোষণা এসেছিল। সেটিই বানাচ্ছি। গল্পের বিস্তারিত এখনই প্রকাশ করতে চাইছি না। শিগগিরই পোস্টার ও প্রোমো প্রকাশ করা হবে। প্রোমো প্রকাশের পর দর্শক গল্প সম্পর্কে কিছুটা ধারণা পাবেন।”

ওয়েব ফিল্মটিতে তিন লাক্স সুন্দরীর বিপরীতে অভিনয় করবেন তৌসিফ মাহবুব, পার্থ শেখ ও আরেফিন জিলানী। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ‘মীরাক্কেল’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিম। আরও অভিনয় করবেন সাবেরী আলম ও শিরিন আলম।

নতুন অভিনয়শিল্পীদের প্রস্তুত করতে এরই মধ্যে তাদের নিয়ে ১৫ দিনের বিশেষ কর্মশালা করেছেন শিহাব শাহিন। তিনি বলেন, “প্রতিযোগিতায় ওরা একটা গ্রুমিংয়ের মধ্য দিয়ে এসেছে। তবে অভিনয়ের ওপর ওদের তেমন প্রশিক্ষণ ছিল না। গত কিছুদিন আমরা এটি নিয়ে কাজ করেছি।”

এর আগে লাক্স বিজয়ীদের নিয়ে ‘দারুচিনি দ্বীপ’ ও ‘আমার আছে জল’ নির্মিত হয়েছে।

   

About

Popular Links

x