Monday, October 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

তানজিন তিশার বিরুদ্ধে আরও একটি মামলা, আদালতে হাজিরার নির্দেশ

শাড়িকাণ্ডে করা মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে 

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

৭৫ হাজার টাকার শাড়িকাণ্ডে করা মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এ মামলায় তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী।

বাদীর জবানবন্দি রেকর্ড করে আদালত আগামী ২৩ নভেম্বর আসামিকে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ২৭ নভেম্বর বাদী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলা করেন। এরপর বিভিন্ন সময়ে আসামি তাকে মামলা প্রত্যাহার করতে হুমকি দেন এবং ক্ষতি করার ভয় দেখান বলে অভিযোগ করেন বাদী।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৭ নভেম্বর মুঠোফোনে বাদীকে হুমকি দিয়ে তানজিন তিশা বলেন, “আমি যদি তোমার পেছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না।”এ ছাড়া ডিবি পুলিশ নিয়ে বসার কথাও তিনি বলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেওয়া হলে তদন্ত কর্মকর্তা পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দাখিল করেন। পরে ২০২৬ সালের ২৫ অক্টোবর ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন তিনি। আদালত আবেদনটি মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

মামলার অভিযোগে আরও বলা হয়, তদন্ত প্রতিবেদন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আসামি ক্ষিপ্ত হন। এরপর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মাধ্যমে বাদীকে মামলা প্রত্যাহারের হুমকি দেওয়া হয়। মামলা তুলে না নিলে তাকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বাদী। 

এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে নিকটস্থ থানায় মামলা করতে গেলে তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

   

About

Popular Links

x