জায়েদ খান: ডিগবাজি দিয়ে যেকোনো ঘরের দরজা দিয়ে ঢুকে যাব

বেফাঁস মন্তব্য এবং অদ্ভুতুড়ে কর্মকাণ্ডের জন্য প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন জায়েদ খান। এসব কারণে তাকে নিয়ে চলে বিস্তর আলোচনা। তবে সম্প্রতি নতুন এক কারণে আবারও আলোচনায় জায়েদ খান।

এর আগে ডিগবাজি দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন জায়েদ খান। অনেক জায়গায় ডিগবাজি দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার এই নায়ক। এবার নতুন করে আরও একবার ডিগবাজি দিয়েই দিলেন। তবে একটি নয়, দুটি!

সোমবার (২০ নভেম্বর) ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে ওটিটি প্ল্যাটফর্ম “চরকি”। ভিডিওতে দেখা যায়, সাদা পাঞ্জাবি পরে ডিগবাজি দিচ্ছেন জায়েদ খান।

নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে “সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি” সিনেমা। সিনেমাটির প্রচারেই এমন অভিনব কৌশল ব্যবহার করেছেন তারকারা।

ভিডিওতে অংশ নিয়েছেন পরিচালক ও অভিনেতা মোস্তফা সরয়ার ফারুকী, মারজুক রাসেল, আশুতোষ সুজন, নাসিরউদ্দিন, শাহরিয়ার নাজিম জয় ও জায়েদ খান।

ফেসবুকে প্রকাশিত ভিডিওর শুরুতেই সিনেমাটির প্রচার নিয়ে কথা বলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি মারজুক রাসেলকে উদ্দেশ করে বলেন, “মারজুক, ৩০ নভেম্বর যে চরকিতে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ আসতেসে, এটা মানুষকে কীভাবে জানানো যায়? উপায় টা কী?” এরপর মারজুক রাসেল সেই দায়িত্ব দেন পরিচালক-অভিনেতা আশুতোষ সুজনের কাঁধে।

তিনি অভিনেতা নাসিরউদ্দিন খানকে বলেন, “আপনি তো ভাইরাল, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমাটা যে আসতেছে, এটা কীভাবে মানুষকে জানানো যায়?” জবাবে নাসিরউদ্দিন খান নিজেকে শিশু ভাইরাল বলে দাবি করেন। তিনি অভিনেতা শাহরিয়ার নাজিম জয়কে “ভাইরালের বাপ” উল্লেখ করে এই কাজের দায়িত্ব দেন তাকে।

এ সময় জয় নাসিরউদ্দিন খানকে বলেন, “শোনেন নাসির ভাই। সব সময় ভাইরালের বাপ দিয়ে কাজ হয় না। বাপেরও বাপ থাকে।” জায়েদ খানকে দেখিয়ে জয় বলেন, “এই যে উনি ভাইরালের দাদা। আপনি বলে দেন, কেমনে কী করার। পাঞ্জাবি পড়ে পারবেন ডিগবাজি দিতে?”

উত্তরে জায়েদ খান বলেন, “যে পারে, সে কাপড়সহও পারে, কাপড় ছাড়াও পারে।” এরপরই নিজের জাদু দেখান জায়েদ খান। হাতের ঘড়ি খুলে পাঞ্জাবি পরেই ডিগবাজি দেন তিনি। পরপর দুটি ডিগবাজি দিয়ে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারের স্ট্যান্ডে বসে পড়েন।

তারপর ক্যামেরার দিকে দৃষ্টি আকর্ষণ করে ফারুকীর আসন্ন সিনেমার প্রচারণা করে বলেন, “সবাইকে ৩০ নভেম্বর চোখ রাখতে হবে পর্দায়। নয়তো এই ডিগবাজি দিয়ে যেকোনো সময় যেকোনো ঘরের দরজা খুলে ঢুকে যাব। বি কেয়ারফুল।”

উল্লেখ্য, “সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি”-এর দ্বিতীয় টিজার ৫ নভেম্বর রাত ৯টায় মুক্তি পায়। এর মধ্য দিয়েই অভিনয় জগতে পদার্পণ করতে যাচ্ছেন ফারুকী। সঙ্গে থাকছেন সহধর্মিণী জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। প্রথম টিজারটি প্রকাশ পায় ৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায়। তখন থেকেই মিডিয়া পাড়াসহ সকল ভক্তদের মধ্যে হৈচৈ শুরু হয়ে যায় অটোবায়োগ্রাফি নিয়ে।

ফারুকী-তিশা জুটিকে সঙ্গ দিয়েছেন ইরেশ জাকের, মনোয়ার হোসেন ডিপজল, ডলি জহুর, এবং শরাফ আহমেদ জীবন। “চরকি”-র জন্য নিবেদিত সিনেমাটি তৈরি হয়েছে ফারুকীর প্রতিষ্ঠিত ফিল্ম প্রোডাকশন হাউজ ছবিয়ালে।

চিত্রগ্রহণে কাজ করেছেন তাহসিন রহমান এবং শব্দ সংযোজন করেছেন রিপন নাথ। সঙ্গীত আয়োজনে ছিলেন পাবেল অরিন, আর যাবতীয় সম্পাদনার দায়িত্ব পালন করেছেন মোমিন বিশ্বাস। শিল্প নির্দেশনায় ছিলেন শিহাব নুরুন নবী এবং পোষাক পরিকল্পনায় কাজ করেছেন ইদিলা ফরিদ তুরিন।