নেট দুনিয়ায় ঝড় তুলেছে “জামাল কুদু”। বলিউড সিনেমা “অ্যানিমেল” এর গানটি এখন প্রায় সবার মুখে মুখে। টিকটক, ফেসবুক রিলস সবখানেই বাজছে গানটি। গানের সঙ্গে সবাই যার যার মতো করে নাচের মুদ্রা তুলছেন, কেউ কেউ আবার চেষ্টা করছেন সিনেমায় গানটির দৃশ্যে দেখানো ববি দেওলের নাচের মুদ্রা অনুকরণের।
“অ্যানিমেল” সিনেমাটি গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর ৬ ডিসেম্বর প্রযোজনা সংস্থার ইউটিউবে গানটি মুক্তি পায়।
সিনেমায় ববি দেওলের প্রবেশ দৃশ্যে ব্যবহৃত হয়েছে গানটি। যেখানে মদের গ্লাস মাথায় করে নেচেছেন বলিউড অভিনেতা ববি দেওল। গানটির অর্থ না জানলেও শ্রোতারা মজেছেন এর সুরে এবং ববি দেওলের নাচে।
তবে যে গানের নাচ ঘিরে এত হইচই, সেই নাচের মুদ্রা ববিকে কে শেখালেন, কার মাথা থেকেই এসেছে মাথায় গ্লাস নিয়ে নাচের পরিকল্পনা? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ববি দেওল নিজেই। নাচের সময় তিনি কীভাবে গ্লাস ব্যবহার করেছেন, সেই অভিজ্ঞতাও তুলে ধরেছেন।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত “অ্যানিমেল” সিনেমার গানের নাচ সম্পর্কে বলিউড স্পাই’কে ববি দেওল বলেন, “এটা পাগলের মতো আনন্দ দিয়েছে। লোকেরা তাদের বাড়ির কুকুরের মাথায় গ্লাস রেখেও নাচছে। কেউ আমার মতো একই পোশাক পরে নাচছে। আমি সত্যিই অভিভূত।”
তিনি বলেন, “সন্দীপ আমাকে আগেই গানটি শুনিয়েছিল। সিনেমা তৈরির পাশাপাশি সঙ্গীতেও তার দুর্দান্ত জ্ঞান রয়েছে। আমরা যখন শ্যুটিং শুরু করি, তখন কোরিওগ্রাফার বললেন, 'তুমি এই স্টেপটা করো।' আমি ভাবছিলাম, আমি আর কী করব? আমি নাচতে শুরু করলাম এবং তখন আমাকে বলল, 'না, না। ববি দেওলের মতো করো না।' তারপর সৌরভ, যিনি আমার ভাইয়ের চরিত্রে অভিনয় করেন, আমি তাকে বললাম, তুমি কী ধরনের নাচ করতে পার আমায় একটু দেখাতে পারবে? তুমি হলে এটা কীভাবে করতে?”
জামাল কুদুতে নাচের পেছনের অনুপ্রেরণা সম্পর্কে ববি দেওল বলেন, “তখন হঠাৎ করেই মনে পড়ে গেল সেই সময়ের কথা যখন আমি ছোট ছিলাম এবং আমরা পঞ্জাব যেতাম। আমার মনে আছে আমরা কীভাবে মাতাল হয়ে মাথায় চশমা রাখতাম। আমি কখনোই বুঝতে পারিনি কেন আমরা এটা করেছি। এটা হঠাৎ আমার মাথায় এল এবং আমি সেই স্টেপটাই করলাম। সন্দীপেরও এটা পছন্দ হয়েছিল।”
প্রসঙ্গত, “জামাল কুদু” মূলত একটি জনপ্রিয় ইরানি গান “জামাল জামালু” থেকে অনুপ্রাণিত। গানটি “অ্যানিমেল” সিনেমায় নতুন করে সুরারোপ করেছেন সুরকার হর্ষবর্ধন রামেশ্বর। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মেঘনা নাইদু, সাবিহা, ঐশ্বরিয়া দাসারি, সৌনক, হার্ষিতাসহ আরও অনেকে।
গানের কথাগুলোর বাংলা অর্থ অনেকটা এরকম, ওহ! কালো চোখের সৌন্দর্য, তোমার নিষ্ঠুরতায় আমার হৃদয় ভেঙে দিও না। ওহ, তুমি আমাকে ছেড়ে নতুন যাত্রা শুরু করছ, আর আমি মজনুর মতো পাগল হয়ে যাচ্ছি। আমার হৃদয়ের সঙ্গে খেলা করো না প্রিয়তম। তুমি আমাকে ছেড়ে ভ্রমণে যাচ্ছ আর আমি মজনুর মতো পাগল হয়ে যাচ্ছি।