‘জামাল কুদু’ গানের ইরানি মডেল সম্পর্কে যা জানা গেল

ইন্টারনেট ব্যবহার করেন অথচ “জামাল কুদু” গান শোনেননি; এমন লোক বোধহয় খুঁজে পাওয়া যাবে না। জামাল কুদু জ্বরে রীতিমতো কাঁপছে নেট দুনিয়া। বলিউড সিনেমা “অ্যানিমেল” এর গানটি ইউটিউব, টিকটক, ফেসবুক রিলস সবখানেই বাজছে।

গানের সঙ্গে সবাই যার যার মতো করে নাচের মুদ্রা তুলছেন, কেউ কেউ আবার চেষ্টা করছেন সিনেমায় গানটির দৃশ্যে দেখানো ববি দেওলের নাচের মুদ্রা অনুকরণের।

সিনেমায় ববি দেওলের প্রবেশ দৃশ্যে ব্যবহৃত হয়েছে গানটি। যেখানে মদের গ্লাস মাথায় করে নেচেছেন বলিউড অভিনেতা ববি দেওল। গানটির অর্থ না জানলেও শ্রোতারা মজেছেন এর সুরে এবং ববি দেওলের নাচে। ববি দেওলের সঙ্গে এই গানে ভাইরাল হয়েছেন আরেক সুন্দরী মডেল।

গানটিতে একটি বিয়ের দৃশ্য দেখানো হয়েছে যেখানে ববি দেওলের চরিত্রটি তৃতীয়বার বিয়ে করছে। গানের দৃশ্যে দেখা গেছে, ববি দেওল মাথায় একটি গ্লাস নিয়ে নাচতে থাকেন এবং তারপরে গানটি গাইতে থাকা একদল মেয়ের কাছে যান। আর সেই মেয়েদের মধ্যেই আলাদা করে নজর কাড়েন একজন। জামাল কুদুর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন তিনি। তার ক্ষণিকের উপস্থিতি মনে কেড়েছে দর্শকদের। এই সুন্দরীর তরুণীর পরিচয় খুঁজতে হুমড়ি খেয়ে পড়ছেন অনেকেই।

তানাজ দাউদি নামের এই সুন্দরী মূলত একজন ইরানি মডেল এবং নৃত্যশিল্পী। তিনি তনি নামেও পরিচিত।

তানাজ কাজ করেন ভারতে। জামাল কুদুতে হাজির হওয়ার আগে তিনি বলিউডের বিভিন্ন গান এবং স্টেজ শো’য়ে কাজ করেছেন।

নোরা ফাতেহি, বরুণ ধাওয়ান, জন আব্রাহাম এবং সানি লিওনের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তানাজ দাউদি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তার কাজ ছিল পর্দার পেছনে। জামাল কুদু গানেই প্রথমবার ক্যামেরার সামনে আসেন তিনি। আর এসেই করলেন বাজিমাত। নেটিজেনদের অনেকেই তাকে নতুন জাতীয় ক্রাশ বলেও অভিহিত করেছেন।

প্রসঙ্গত, “জামাল কুদু” মূলত একটি জনপ্রিয় ইরানি গান “জামাল জামালু” থেকে অনুপ্রাণিত। গানটি “অ্যানিমেল” সিনেমায় নতুন করে সুরারোপ করেছেন সুরকার হর্ষবর্ধন রামেশ্বর। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মেঘনা নাইদু, সাবিহা, ঐশ্বরিয়া দাসারি, সৌনক, হার্ষিতাসহ আরও অনেকে।

গানের কথাগুলোর বাংলা অর্থ অনেকটা এরকম, ওহ! কালো চোখের সৌন্দর্য, তোমার নিষ্ঠুরতায় আমার হৃদয় ভেঙে দিও না। ওহ, তুমি আমাকে ছেড়ে নতুন যাত্রা শুরু করছ, আর আমি মজনুর মতো পাগল হয়ে যাচ্ছি। আমার হৃদয়ের সঙ্গে খেলা করো না প্রিয়তম। তুমি আমাকে ছেড়ে ভ্রমণে যাচ্ছ আর আমি মজনুর মতো পাগল হয়ে যাচ্ছি।