দেশি সিনেমা বাঁচাতে বলিউডের বিপক্ষে মাঠে নামবেন ডিপজল

ঢাকাই শোবিজকে রক্ষার আন্দোলনের ঘোষণা দিয়েছেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

তিনি বলেছেন, “আমি শুরু থেকে বলে আসছি, বিদেশি সিনেমা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে। আমাদের সিনেমা নির্মাণের প্রবণতা কমে যাবে; তাই হচ্ছে। এভাবে চলতে দেওয়া যাবে না।”

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেই এই ঘোষা দেন তিনি।

ডিপজল বলেন, “আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। আমরা দেখেছি, হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার ফলে নেপালের সিনেমা ইন্ডাস্ট্রি কীভাবে ধ্বংস হয়ে গেছে। দেশটির সমৃদ্ধ সিনেমা হিন্দি সিনেমার কবলে পড়ে বিলীন হয়ে গেছে। আমাদের দেশে যদি একের পর এক হিন্দি সিনেমা চালানো হয়, তাহলে দেশের চলচ্চিত্রও ধ্বংস হয়ে যাবে। আমাদের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না।”

শাহরুখ খানের “জওয়ান” দেশের সিনেমা হলে ভালো ব্যবসা করার পর এই অভিনেতার “ডানকি” সিনেমা মুক্তিরও প্রস্তুতি চলছে। এছাড়া বলিউডের “অ্যানিম্যাল” সিনেমাও চলছে বাংলাদেশে।

এ বিষয়ে ডিপজল বলেন, “বিদেশি সিনেমা দেশে মুক্তি না দেওয়ার জন্য কঠোর আন্দোলনে যেতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন; এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনের পর বিদেশি সিনেমার বিষয়টি নিয়ে আমরা আন্দোলনের ডাক দেব। আমি মনে করি, এর একটি সুরাহা হওয়া খুব জরুরি।”

১৯৯৩ সালে “টাকার পাহাড়” সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ডিপজল। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে “হাবিলদার”, “যেমন জামাই তেমন বউ”, “জিম্মি”, “ঘরভাঙ্গা সংসার”, “আক্রোশ”, “অমানুষ হলো মানুষ”, “বাংলার হারকিউলিস” প্রভৃতি।