ওমরাহ হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন ঢাকাই শোবিজের শীর্ষ নায়ক শাকিব খান।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মক্কার উদ্দেশে ঢাকা ছাড়েন।
এর আগেও কয়েকবার ওমরাহ হজ পালন করেছেন শাকিব খান। ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
এবার ব্যস্ততার মধ্যেও মক্কায় গেলেন শাকিব। সেখান থেকে ফিরেই শাকিব তার অভিনীত প্রথম সর্বভারতীয় সিনেমা “দরদ”-এর ডাবিংয়ে অংশ নিতে ভারতে যাবেন। সেখান থেকে ফিরে “রাজকুমার” সিনেমার শুটিং করবেন।
গেল বছরটা দারুণ কেটেছে শাকিবের। ব্যক্তি জীবনে সমালোচনা পাশ কাটিয়ে তিনি “প্রিয়তমা” দিয়ে নতুন করে ফিরেছেন। হিমেল আশরাফের পরিচালনায় আরশাদ আদনানের প্রযোজনায় সিনেমাটি ৪১ কোটি টাকার ব্যবসা করে।
নতুন বছরে শাকিব অভিনীত তিনটি সিনেমা আসার কথা আছে। বর্তমানে তিনি “রাজকুমার” সিনেমার শুটিং করছেন। আগামী ঈদ-উল-ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। অনন্য মামুনের পরিচালনায় “দরদ” মুক্তির কথা আছে ফেব্রুয়ারিতে। এছাড়া শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক সিনেমা “তুফান” মুক্তি পাওয়ার কথা আগামী ঈদ-উল-আজহায়। “তুফান” পরিচালনা করছেন রায়হান রাফী।