ফল খেয়ে ছেলেসহ হাসপাতালে পরীমণি

বরিশালে নিজ গ্রামে গিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সেখানে পরিবারের মানুষদের সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছেন। কিন্তু ঢাকায় ফিরতেই অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী। এই কদিনে সবাই সুস্থ হলেও পরীমণির দেড় বছর বয়সী ছেলে এখনো হাসপাতালে ভর্তি।

রবিবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন তথ্য জানিয়েছেন পরীমণি।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বরিশাল থেকে ফেরার আগে রাস্তার পাশের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরীমনি ও তার সন্তান পুণ্যসহ পাঁচজন। এরপর সবাই হাসপাতালে ভর্তি হন।

অসুস্থতার বিষয়ে বর্ণনা দিয়ে পরীমণি ফেসবুকে লিখেছেন, ‍“শীতকালে সবাই খাবারদাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে নিরাপদ থাকা মুশকিল।”

তিনি লিখেছেন, “বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে নিয়মিত যেভাবে পরিষ্কার করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু (পরীমনির সন্তান) খুবই অল্প পরিমাণ মানে দুই-এক কামড় খেয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়ির চালকসহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হাসপাতালে। সবাই মোটামুটি সেরে উঠলেও পুণ্য এখনো হসপিটালাইজড!”

ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি আরও লিখেছেন, “নানুবাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম। গতকাল আমার ওয়েবফিল্ম ‘কাগজের বউ’-এর প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি। স্বাভাবিকভাবেই মন খারাপ হচ্ছিল খুব। কিন্তু সকাল থেকে অনেক সাংবাদিক ভাই, বন্ধু মেসেজে, ফোনে ‘কাগজের বউ’-এর প্রশংসা করলেন! আমার, তায়েব ভাই, ইমনের নতুন রসায়ন আর অভিনয় দেখে ভালো লাগার কথা প্রকাশ করলেন। আমার পরিচালক চয়নিকা চৌধুরী মেসেজে লিখলেন, কী যে সুন্দর ছবি বানিয়েছি, নিজেরই তো বিশ্বাস হচ্ছে না!”

পরীমণি অবশ্য শেষে লিখেছেন, “আমার বেশ আনন্দ হচ্ছে এসবে। সবাইকে অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন সবাই।”