চরকিতে ভিন্ন লুকে আসছেন সিয়াম-সাফা-মনোজ

শিগগিরই চরকির প্ল্যাটফর্মে আসতে যাচ্ছে মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে ভিকি জাহেদের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ “টিকিট”। সিয়াম, সাফা, মনোজসহ এই সিরিজে আছেন আবদুল্লাহ আল সেন্টু,  জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভন, জান্নাতুল ফেরদৌস রাইসা, কে এস এম আরাবি মওদুদ প্রমুখ।

একদম ভিন্ন লুকে দেখা মিলবে সিয়াম আহমেদকে। এ প্রসঙ্গে সিয়াম গণমাধ্যমে বলেন, “এই সিরিজে আমার চরিত্রের নাম ‘সালেক’। এই চরিত্রটা আমি ঠিক কতখানি করতে পারব সেটা নিয়ে আমার মাঝে বেশ সংশয় ছিল। তবে ভিকি ভাই সবচেয়ে বেশি কনফিডেন্ট ছিলেন। সাহস দিয়েছেন। উনার কারণেই আমি সালেক চরিত্রটা করতে পেরেছি।”

তিনি আরও বলেন, “চরিত্রের দুইটা বড় চ্যালেঞ্জ ছিল। একটা হচ্ছে, সালেকের চরিত্র একেবারেই আলাদা হতে হবে। যাকে আলাদাভাবে ভাগ ভাগ করে ডিটারমাইন্ড করা যায়। আর দ্বিতীয়টা হচ্ছে সালেক হ্যাজ টু লুক ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান। তার কিছু আন্ডারটোনড পার্ফমেন্স, তার কিছু কনফিডেন্সের অভাব। এই জিনিসগুলোর সঙ্গে আসলে তার লুকস, তার এপিয়ারেন্স অনেকটা রিলেটেড। সালেকের জন্য ওয়েট গেইন করতে হয়েছে।”

এই সিরিজে বেশ সাহসী চরিত্র ও ভিন্ন লুকে অভিনয় করে চমক দেখিয়েছেন সাফা কবির। সাফা বলেন, “এই কাজটা বেশ কিছু কারণে আমার জন্য বিশেষ। আমি আগে কখনও এমন চরিত্রে অভিনয় করিনি। সেই সঙ্গে গল্পটা আসলে ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার মিলিয়ে। আর চরিত্র করতে গিয়ে ভালোই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কারণ আমার বেড়ে উঠার সঙ্গে সিরিজের চরিত্রের আকাশ-পাতাল তফাৎ ছিল।”

পরিচালক ও সহ-শিল্পীদের নিয়ে সাফা বলেন, “ভিকি ভাইয়ের গল্পসহ কাজের ভক্ত আমি। আমরা এক সঙ্গে বেশ কিছু কাজ করেছি। সহ-শিল্পী হিসেবে সিয়াম খুবই একনিষ্ঠ একজন অভিনেতা। তার মতো কঠোর পরিশ্রমী অভিনেতা খুব কমই। আর মনোজ দা টিচারের মতো। উনার থেকে চরিত্র পোর্টেট করতে সাহায্য পাই। সব শিল্পী কাজের জন্য সর্বোচ্চ পরিশ্রম করেছে।”

মনোজ প্রামাণিক আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন। নিজের চরিত্র নিয়ে মনোজ বলেন, “সিরিজে আমার চরিত্র আর বাস্তবে আমি দুইটা দুই মেরুর চরিত্র। এই চরিত্রটা করতে আমার কাছে খুব মজা লেগেছে। আর এই চরিত্রটা করতে গিয়ে আমার এক ছাত্রকে কিছুটা অনুকরণ করার চেষ্টা করেছি। কেননা ওর চরিত্রটা এরকম। আর সব চরিত্রই পোট্রেট করা অভিনেতাদের জন্য চ্যালেঞ্জের। সিরিজটা টান টান উত্তেজনার একটা গল্প। আশা করি, দর্শক কাজটা পছন্দ করবে।”

পরিচালক ভিকি জাহেদ বলেন, “টিকিট আমার জন্য একটা ইউনিক অভিজ্ঞতা। নাজিম উদ্দিন ভাইয়ের গল্প শুনেই মনে হয়েছিল এটা একটা সিরিজে রূপান্তর করা যাবে। পরে আমার চিন্তা ভাইয়ের সঙ্গে শেয়ার করলে তিনিও সহমত প্রকাশ করেন। গল্পটা খুবই ইন্টারেস্টিং হবে। এখানে প্রথমবারের মতো ডার্ক কমেডি ও স্যাটায়ারের একটা থ্রি লেভেলের মিশ্রণ করেছি।”

দর্শকের উদ্দেশ্য পরিচালক ভিকি বলেন, “টিকিট সবচেয়ে ভিন্ন রকম কিছু হবে। আর আমরা সব সময় দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই কাজ করি। সেটা এই কনটেন্টে সবচেয়ে বেশি পাবে বলে আশা করছি।”