দ্বাবিংশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে নির্মাতা ও গায়ক অঞ্জন দত্তের “চালচিত্র এখন” সিনেমার দ্বিতীয় প্রদর্শনী হতে যাচ্ছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সিনেমাটির প্রদর্শনী রয়েছে। প্রদর্শনী শেষে দর্শকের মুখোমুখি হবেন নির্মাতা অঞ্জন দত্ত। পরদিন একই মিলনায়তনে মাস্টারক্লাসে থাকবেন অঞ্জন দত্ত।
সিনেমাটি ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড পেয়েছে।
সিনেমাটি নিয়ে অঞ্জন দত্ত এক ফেসবুক পোস্টে বলেছেন, “আমার মনে হয় এযাবৎকাল পর্যন্ত যা যা ছবি বানিয়েছি, এটা তার মধ্যে সব থেকে স্বতঃস্ফূর্তভাবে বানিয়েছি। আমি এখানে কোনো কাল্পনিক গল্প বলিনি। এই মানুষটার সঙ্গে আমার যা যা স্মৃতি আছে, সেটাকেই পরপর তুলে ধরেছি।”
তিনি বলেন, “আমি জানি, দর্শকরা হয়তো অনেকেই এই ছবি পছন্দ করবেন না। তবু আমি বিশ্বাস করি, এখনো এমন কিছু দর্শক গোটা পৃথিবীজুড়ে আছেন, যারা এই ধরনের সিনেমা পছন্দ করেন। সংখ্যাটা কম হলেও আমার জন্য অনেকটাই বড়।”
১৯৮১ সালে মৃণাল সেনের “চালচিত্র” সিনেমা দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছিলেন অঞ্জন দত্ত। “চালচিত্র এখন” সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন দত্ত। আরও আছেন শাওন চক্রবর্তী, সুপ্রভাত দাস, বিদীপ্তা চক্রবর্তী।
গত মঙ্গলবার বিকেলে ঢাকা চলচ্চিত্র উৎসবে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় সিনেমাটির প্রথম প্রদর্শনী হয়।
রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে গত শনিবার থেকে শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব, চলবে আগামী রবিবার পর্যন্ত।