অবশেষে “ডন থ্রি” সিনেমার অভিনেত্রীর নাম ঘোষণা করলেন পরিচালক ফারহান আখতার। সিনেমাটির মাধ্যমে রণবীর সিংয়ের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন কিয়ারা আদভানি।
ফারহান আখতার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওতে “ডন থ্রি” সিনেমায় কিয়ারা আদভানিকে স্বাগত জানিয়েছেন তিনি।
ডন থ্রিতে অভিনয়ের বিষয়টি কিয়ারা আদভানি নিজেও এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, “আইকনিক ডন ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে এবং অবিশ্বাস্য একটি দলের সঙ্গে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত। আমরা একসঙ্গে এই উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করার সময় আপনাদের ভালোবাসা এবং সমর্থন চাইছি।”
২০২৩ সালের আগস্টে ফারহান বলেছিলেন, হিট ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটিতে রণবীর সিং নতুন ডন হবেন। টিজারে দেখা গিয়েছিল রণবীরকে।
আকর্ষণীয় গল্প, উত্তেজনাপূর্ণ অ্যাকশনের জন্য তুমুল দর্শকপ্রিয় হয় “ডন” ও “ডন টু”। শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া ও বোমান ইরানি অভিনীত “ডন” সিনেমাটি ২০০৬ সালে মুক্তি পায়। নিউচ্যাটেল আন্তর্জাতিক ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভালে সেরা এশিয়ান চলচ্চিত্রের পুরস্কারও জিতেছিল সিনেমাটি।
এর ৫ বছর পরে মুক্তি পায় “ডন টু”। এখানেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ২০২৫ সালে মুক্তি পাবে “ডন থ্রি”। অভিনেতা হৃতিক রোশনকে “ডন টু” সিনেমায় একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল।
ফারহান আখতারের এই পরিচালনা মূলত ১৯৭৮ সালে চন্দ্র বরোত নির্মিত “ডন” সিনেমার রিমেক। যেখানে মূল চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন।