হঠাৎ করেই প্রায় ১ ঘণ্টার বিভ্রাট জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। মঙ্গলবার (৫ মার্চ) ৯টার পর থেকে হঠাৎই বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জারে প্রবেশ ও ব্যবহার করতে সমস্যা দেখা দেয়। যারা ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে লগইন অবস্থায় ছিলেন, তারাও দেখতে পান, স্বয়ংক্রিয়ভাবে তাদের আইডি লগআউট হয়ে যায়।
এতে চিন্তায় পড়ে যান ফেসবুক ব্যবহারকারীরা। সবচেয়ে বেশি ভয় ছড়িয়ে পর এই ভেবে যে, “আইডি হ্যাকড হলো কি-না। সাধারণ ব্যবহারকারীর মতো আতঙ্ক ছড়িয়ে পড়ে তারকাদের মধ্যে। একই অবস্থা জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরীও অবস্থাও একই। তবে যখন জানতে পারেন, সবারই একই সমস্যা। তখন খুশি হলেও অনেকের ফেসবুকের প্রতি মানুষের আসক্তি নজর কেড়েছে এই অভিনেতার। আর এই আসক্তি প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার রাতে ফেসবুক স্বাভাবিক হওয়ার পর এক স্ট্যাটাসে এমনটাই উল্লেখ করেন চঞ্চল চৌধুরী।
জনিপ্রয় এই অভিনেতা তার ফেসবুক স্ট্যাটাসের শুরুতেই লিখেছেন, “প্রথমে যখন ফেসবুকে ঢুকতে পারছিলাম না, ভেবেছিলাম হ্যাক হয়েছে। অনেক খারাপ লাগছিল। যখন জানতে পারলাম সবারই একই অবস্থা, তখন বেশ ভালো লেগেছিল। মনে মনে ভাবছিলাম, যাক সারা পৃথিবী থেকে একটা জঞ্জাল বিদায় হলো।”
অনেকের কাছে ক্ষণিক সময়ের জন্য বন্ধ থাকা এই ফেসবুক যেন মনঃকষ্টের কারণ হয়ে ওঠে। এ প্রসঙ্গে চঞ্চল লিখেছেন, “এরপর যখন ফেসবুক ফিরে পেলাম, তখন মনে হলো, এই এক ঘণ্টার ফেসবুক হারানোর শোক অনেকের কাছে অতি প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে, হায়রে ফেসবুক।”
বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করা যেন নেশায় পরিণত হয়েছে। সেটি উল্লেখ করে চঞ্চল চৌধুরী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “কোন নেশায় আক্রান্ত পুরো দেশ, পুরো বিশ্ব। আমিও এর বাইরে নই। এর থেকে কি আমরা কিছু শিখতে পারলাম? সবাই একটু ভাবুন। এখনো আমরা সবাই পরীক্ষা করে দেখছি, অ্যাকাউন্টটা ঠিক আছে তো?”