সংবাদমাধ্যমে আজীবন নিষিদ্ধ জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) সাংবাদিকদের ওপর হামলার জেরে দুই সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে শিল্পী সমিতি। হামলায় নেতৃত্ব ও ঔদ্ধত্বপূর্ণ আচরণ করায় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।

বুধবার (২৪ এপ্রিল) রাতে এফডিসিতে সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন লিমন আহমেদ।

তিনি জানান, হামলার ঘটনায় এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে অভিনেতা শিবা শানু ও সুশান্তকে। একই সঙ্গে ন্যক্কারজনক এই ঘটনার দিন ২৩ এপ্রিলকে ‘‘কালো দিবস’’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন বিনোদন সাংবাদিকরা।

এর আগে এফডিসিতে সাংবাদিক লাঞ্ছনার ঘটনা তদন্তের জন্য ২৪ এপ্রিল সন্ধ্যায় ১০ সদস্যের একটি কমিটি বসে। যেখানে সাংবাদিকদের পক্ষে লিমন আহমেদ, রাহাত সাইফুল, আহমেদ তৌকীর, বুলবুল আহমেদ জয়, আবুল কালাম এবং শিল্পী সমিতির পক্ষে মিশা সওদাগর, ডি এ তায়েব, নানা-শাহ, রুবেল ও রত্না উপস্থিত ছিলেন। এছাড়াও সিনিয়র সংবাদিক রিমন মাহফুজ ও কামরুজ্জামান বাবুসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। উপদেষ্টা হিসেবে ছিলেন প্রযোজক আরশাদ আদনান। 

বৈঠক শেষে সাংবাদিক লিমন আহমেদ জানান, আলোচনা শুরুর পরও জয় চৌধুরী ঔদ্ধত্বপূর্ণ আচরণ চালিয়ে যান। তিনি কারো কথা মানতে নারাজ। তাই তাকে আজীবনের জন্য বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।