Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

এফডিসি থেকে ফেরার পথে নায়িকার কান ছিঁড়ে দুল ছিনতাই

দুল টান দেওয়ায় কান দুই ভাগ হয়ে যায় এবং হাসপাতালে সাতটি সেলাই দিতে হয়েছে

আপডেট : ১৮ মে ২০২৬, ০৭:৫৯ পিএম

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে সরগরম ছিল বিএফডিসি। সেই উৎসবমুখর পরিবেশ দেখতে দীর্ঘদিন পর এফডিসিতে গিয়েছিলেন একসময়কার জনপ্রিয় অভিনেত্রী রঞ্জিতা কনা। তবে ফেরার পথে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হন তিনি। ছিনতাইকারীর টানে তার কান ছিঁড়ে যায় এবং পরে হাসপাতালে সাতটি সেলাই দিতে হয়।

রবিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর রামপুরা বাজার এলাকার একটি গলি দিয়ে বাসায় ফিরছিলেন রঞ্জিতা। এ সময় এক ছিনতাইকারী তার কানের দুল টান দিয়ে ছিনিয়ে নেয়। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। পরে তিনি বুঝতে পারেন, দুল টান দেওয়ায় তার কান দুই ভাগ হয়ে গেছে এবং রক্তক্ষরণ শুরু হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে এক ভিডিও বার্তায় রঞ্জিতা বলেন, “শিল্পী সমিতির নির্বাচন সব সময়ই শিল্পীদের কাছে উৎসবের মতো। সেই পরিবেশ উপভোগ করতেই আমি এফডিসিতে গিয়েছিলাম। কিন্তু ফেরার পথে কেউ আমাকে অনুসরণ করছিল বলে সন্দেহ হয়। কিছু বুঝে ওঠার আগেই দুল টান দিয়ে ছিনতাইকারী পালিয়ে যায়।“

পরে সহায়তার জন্য শিল্পী সমিতির কয়েকজন সদস্যকে ফোন করেন তিনি। অভিনেতা জয় চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শে তার কানে সাতটি সেলাই দেওয়া হয়।

জয় চৌধুরী জানান, হাসপাতালে নেওয়ার পরও দীর্ঘ সময় রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। বর্তমানে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত জটিলতার কারণে রঞ্জিতা এখনো রামপুরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, ৮০’র দশকের শেষ দিকে নায়করাজ রাজ্জাক পরিচালিত “ঢাকা ৮৬” সিনেমায় বাপ্পারাজের নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে রঞ্জিতার। এরপর “রাজা মিস্ত্রী” ও “জ্বীনের বাদশা” সহ প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেন তিনি। ২০০৫ সালের পর থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন এই অভিনেত্রী।

   

About

Popular Links

x