দেশের সীমানা ছাড়িয়ে যে কজন বাংলাদেশি অভিনয় শিল্পী নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, তাদের মধ্যে জয়া আহসান অন্যতম। সোমবার (১ জুলাই) ছিল এই গুণী অভেনেত্রীর জন্মদিন। এদিন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই অভিনেত্রী। তবে জন্মদিন ঘিরে জয়া আহসানের নিজের উচ্ছ্বাসটা একটু কমই দেখা গেছে।
অবশ্য জন্মদিন নিয়ে খুব একটা আগ্রহ না থাকার কারণও জানিয়েছেন জয়া আহসান। আর এর পেছনে রয়েছে ২০১৭ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজানে বর্বরোচিত হামলার ঘটনা। ওই ঘটনার পর থেকে একই দিনে নিজের জন্মদিন হওয়ায় লজ্জাবোধ করেন এবং দিনটিতে বিষণ্ন থাকেন বলে সংবাদমাধ্যম প্রথম আলোকে জানিয়েছেন জয়া আহসান।
এ বিষয়ে প্রথম আলোকে তিনি বলেন, “আমার কাছে প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। আনন্দের দিন। হোলি আর্টিজানে হামলার দিনে আমার জন্মদিন, এ ঘটনার পর থেকে বলতেও লজ্জা লাগে আসলে। দীর্ঘদিন পর এটা কাটিয়ে উঠছি আস্তে আস্তে। জন্মদিনে কেউ খেতে বললে, কেক কাটতে বললে একদিন পরে যাই। এই দিনটা আমাদের ইতিহাসের জন্যও গুরুত্বপূর্ণ, তাই মনটা বিষণ্নও হয়ে থাকে।”
এদিকে জন্মদিনে জয়ার নতুন সিনেমা “ওসিডি”র টিজার প্রকাশ পেয়েছে। যেটি তিনি নিজের ফেসবুক পেজেও শেয়ার করেছেন। এটিকে তার জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবেই দেখছেন এই অভিনেত্রী।
তিনি বলেন, “ভক্তরা তো আমার প্রতি নানাভাবে ভালোবাসা প্রকাশ করে। আমি কাজ দিয়ে সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টায় থাকি। দিনটিতে নতুন ছবির টিজার, ভক্তদের জন্য আমার পক্ষ থেকে উপহার। এর চেয়ে হয়ত ভালো উপলক্ষ আর হতে পারে না।”
কলকাতার এই সিনেমাটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। সিনেমাটিতে একজন মানসিক ভারসাম্যহীন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। দুই বছর আগে শুটিং শেষ হয়েছে। এখনো মুক্তির তারিখ ঠিক না হওয়া সিনেমাটি ইতোমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।
এদিকে জন্মদিনে শুভেচ্ছা জানানোয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি জয়া। তিনি বলেন, “জন্মদিনে যারা আমাকে শুভকামনা জানাচ্ছেন, সেটা কাজের কারণেই। কর্মের প্রতি আসক্ত হয়েই হয়ত ভালোবাসছেন—সবার মেসেজ, শুভেচ্ছা ও শুভকামনায় বুঝতে পারছি। একজন শিল্পী হিসেবে সেটা আসলে খুবই আনন্দের। তখন নিজেকে খুব বিশেষ মনে হয়।”