দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের কারণে তুমুল জনপ্রিয়তার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্যও বেশ আলোচিত জয়া। পশুপাখির জন্য মমতাবোধের কারণে পেয়েছেন “প্রাণবিক বন্ধু” তকমাও। এছাড়া চাষবাষের প্রতিও রয়েছে তার ব্যাপক আগ্রহ। কাজের ব্যস্ততার মধ্যেও নিয়মিত যত্ন নেন নিজের ছাদ ও বারান্দা বাগানের। এ কারণে গাছপালাও তাকে খালি হাতে ফেরায় না। নিয়মিতই নিজের বাগান থেকে ফুল, ফল, সবজি পেয়ে থাকেন গুণী এই অভিনেত্রী।
সেই ধারাবাহিকতায় এবার জয়া বারান্দায় মিষ্টি আলু চাষ করেছেন। ফলনও পেয়েছেন বেশ ভালো।
সোমবার (৮ জুলাই) বারান্দায় চাষ করা মিষ্টি আলুর ছবি ফেসবুকে শেয়ার করেছেন জয়া আহসান।
বারন্দার স্বল্প পরিসরে মিষ্টি আলু ফলানো খুব সহজ কাজ না হওয়ায় নেটিজেনদের অনেকেই জয়ার প্রশংসায় মেতে উঠেছেন।
ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, অলিভ গ্রিন কালারের শাড়ি পরে বারান্দায় ডালা হাতে মিষ্টি আলু নিয়ে দাঁড়িয়ে আছেন।
ক্যাপশনে তিনি লিখেছেন, “মাটি খনন করে মিষ্টি আলু তোলা সবসময় একটি দুঃসাহসিক কাজ। আমার ছোট্ট বারান্দার চাষ করা মিষ্টি আলু।”
ছবিতে ছবিতে জয়ার বারান্দায় বাহারী রকমের সবজির গাছ ও ফুল গাছও দেখা গেছে।
উল্লেখ্য, বাংলাদেশে পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন জয়া আহসান। ওপার বাংলায় তিনবার ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন তিনি। এছাড়াও ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জিতেছেন এই অভিনেত্রী।