চলমান কোটা সংস্কার আন্দোলনে গোটা দেশ যখন ফুঁসে উঠেছে পক্ষে-বিপক্ষে, তখন দেশের প্রায় সব স্তরের মানুষই সোশ্যাল হ্যান্ডেলে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। বিশেষ করে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে অসংখ্য শিক্ষার্থী আহত এবং ছয়জন নিহত হওয়ার ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ছেন দেশ-বিদেশের সর্বস্তরের মানুষ। সেই হতাশা গ্রাস করেছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকেও।
বুধবার (১৭ জুলাই) দুপুরে শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশ করলেন দেশে চলমান অস্থিরতা নিয়ে নিজের প্রতিক্রিয়া। স্পষ্ট ভাষায় বলে দিলেন, “আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না।”
ফেসবুক পেজে শাকিব খান কালো ব্যানার দিয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছেন। সঙ্গে আরও বলেছেন, “কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।”
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে পাল্টাপাল্টি সংঘর্ষে মঙ্গলবার চট্টগামে তিনজন, ঢাকায় দুজন এবং রংপুরে একজন নিহত হন। এছাড়া আহত হয়ে চিকিৎসাধীন অসংখ্য শিক্ষার্থী।