প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সোমবার দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা চারবার ক্ষমতায় আসার পরও ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয় তাকে।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরের পর দেশের বিভিন্ন জায়গায় থানা, সরকারি অফিস ভবন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের খবর আসতে থাকে। এসব ঘটনায় পুলিশ সদস্য ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষও।
ঢাকায় দুবৃর্ত্তরা আগুন দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে। পুড়িয়ে দেওয়া হয়েছে জনপ্রিয় গায়ক রাহুল আনন্দ’র বাড়ি। ধ্বংস করা হয়েছে তার সব বাদ্যযন্ত্র। ঢাকাসহ বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়েছে বিভিন্ন ভাস্কর্য। এবার জানা গেল, ভাঙচুর করা হয়েছে দেশের প্রথম ও সর্ববৃহৎ মাল্টিপ্লেক্স “স্টার সিনেপ্লেক্স”র একটি শাখা।
সোমবরা (৫ আগস্ট) রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কে অবস্থিত সিনেপ্লেক্সে এ ঘটনা ঘটে।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন ও মিডিয়া) মেজবাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কে আমরা স্টার সিনেপ্লক্সের একটা শাখা চালু করেছিলাম। সেটি রাজশাহী শহর থেকে বেশ দূরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে অবস্থিত। ক্ষমতার পালাবদলের পর হাইটেক পার্কে একদল দুর্বৃত্ত হামলা করে। এই ফাঁকে সুযোগ সন্ধানী ও লুটের তালে থাকা কিছু মানুষ স্টার সিনেপ্লেক্স ভাঙচুর করে।”
এদিকে সিনেমা হলে হামলা ও ভাঙচুরের ঘটনায় চলচ্চিত্র সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করেছেন। নির্মাতা দেবাশীষ বিশ্বাস, অনন্য মামুন ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।
ক্ষোভপ্রকাশ করে দেবাশীষ বিশ্বাস বলেন, “দেশের সাংস্কৃতিক অঙ্গনে হামলা ভাঙচুর চলছে তা কোনোভাবেই কাম্য নয়। সিনেমা হল ভাঙচুর করা হয়েছে, সিনেমা কার ক্ষতি করেছে? সিনেমা শুধু বিনোদন নয়, সিনেমা হলো সমাজের প্রতিচিত্র। সিনেমা হল ভাংচুর করার কোনো মানেই হয় না।”
নির্মাতা অনন্য মামুন বলেন, “আমার দেশের চলচ্চিত্র যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, ঠিক তখুনি এত বড় আঘাত। আজ সিনেপ্লেক্স আছে বলে চলচ্চিত্র দেখার জন্য নতুন দর্শক আসতে শুরু করেছে। আমরা বড় বাজেটের চলচ্চিত্র বানানোর স্বপ্ন দেখি। রাজশাহী হাইটেক পার্কে ৫ আগস্ট সারারাত লুটপাট হয়েছে, সিনেপ্লেক্স ভেঙ্গে চুরমার। ওয়াশরুমের কমোড, পানির ট্যাপটাকেও ছাড়েনি।”