কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতা ও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার পর সহিংস পরিস্থিতিতে হামলার শিকার হয়েছে সারাদেশে পুলিশের বেশিরভাগ স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী ঢাকার থানা ও পুলিশ বক্স। দুর্বৃত্তদের হামলায় নিহত ও আহত হয়েছেন অসংখ্য পুলিশ সদস্য। এ অবস্থায় নিরাপত্তার শঙ্কায় রাজধানীর থানাগুলো ছেড়ে যান পুলিশ সদস্যরা। পুলিশের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করে “পুলিশ অধস্থন কর্মচারী সংগঠন” ও “বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন”। আর এই সুযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে প্রকাশ্যে ছিনতাই ও ডাকাতির ঘটনা।
এতে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে আতঙ্ক। নির্ঘুম রাত কাটাচ্ছে মানুষ। ডাকাতি ঠেকাতে অনেক এলাকায় রাতভর পাহারা দিচ্ছে এলাকাবাসী। আর এই এলাকা পাহারা দেওয়ার দলে এবার যোগ দিলেন হালের জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা।
শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।
রাত ২টা ৫৪ মিনিটে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে নীলাঞ্জনা নীলা লিখেছেন, “ছিলাম নায়িকা হয়ে গেলাম নাইট গার্ড।” সঙ্গে হ্যাশটাগে লিখেছেন, একতাই শক্তি (#Unityisthepower)।
ছবিতে দেখা গেছে লাঠি হাতে রাস্তায় দাঁড়িয়ে আছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, নির্মাতা বদরুল আনাম সৌদের “গহীন বালুচর” দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নীলাঞ্জনা নীলার। সাত বছর পর এ বছর একই নির্মাতার “শ্যামাকাব্য” দিয়ে বড়পর্দায় ফেরেন এই অভিনেত্রী। অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় নাটকে। এছাড়া “অন্তর্বর্তী এবং “রুখসার” নামে এই অভিনেত্রীর দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
প্রসঙ্গত, ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে সেনাবাহিনী।