আজ ৫৭ বছর বয়সে পা রাখলেন বলিউড খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি মোশন পোস্টার শেয়ার করেছেন তিনি। আর সেখানেই অক্ষয় তার পরবর্তী সিনেমার ঘোষণা দিলেন। তার পরবর্তী সিনেমাটি হবে প্রিয়দর্শন পরিচালিত “ভূতবাংলা” যা ২০২৫ সালে মুক্তি পাবে। তার পোস্ট দেওয়া মোশনটিতে দেখা যায়, অক্ষয়ের হাতে এক বাটি দুধ। সে দিকে জিভ বাড়িয়ে রেখেছেন তিনি। আর কাঁধে একটি কালো বিড়াল। দুজনই খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন।
পোস্টটি শেয়ার দিয়ে ক্যাপশনে তিনি লেখেন, “বছরের পর বছর আপনারা আমার জন্মদিনে যেভাবে ভালবাসা জানিয়েছেন তার জন্য ধন্যবাদ। এ বছরের জন্মদিন উদযাপন করছি আসন্ন ছবি ‘ভূত বাংলা’-র প্রথম ঝলক ভাগ করে। প্রায় ১৪ বছর পর প্রিয়দর্শনের সঙ্গে আবার কাজ করার জন্য আমি অনেক আগ্রহী। দীর্ঘ অপেক্ষার পর শুরু হচ্ছে এই স্বপ্নের ছবি। আপনাদের সঙ্গে এই সফরের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য আমার আর তর সইছে না। জাদু কেমন হয়, তা জানার জন্য সঙ্গে থাকুন।”
প্রিয়দর্শন পরিচালিত ২০১০ সালে মুক্তি পাওয়া “খাট্টা-মিঠা” ছবিতে কাজ করেন অক্ষয় কুমার। এরপর দীর্ঘ ১৪ বছর পর আবারো একসঙ্গে কাজ করবেন তারা। প্রিয়দর্শনের সর্বশেষ ২০২১ সালে “হাঙ্গামা ২” সিনেমাটি মুক্তি পায়।
অক্ষয় কুমারের পোস্ট দেওয়া মোশন দেখে আঁচ করা যাচ্ছে সিনেমাটিতে ভয়ের পাশাপাশি হাস্যরসও থাকবে। তবে সিনেমাটি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।