দীর্ঘদিন ধরেই কোনো সিনেমায় দেখা যাচ্ছে না ঢালিউড অভিনেত্রী বুবলীকে। সর্বশেষ “জংলী” সিনেমায় দেখা গিয়েছিল তাকে। তবে তার এই ফ্রি সময়টুকুতে বসে নেই বুবলী। তাই ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে কয়েকদিনের জন্য বেড়াতে চলে গেলেন।
ঘোরাঘুরির ফাঁকে নিজের পছন্দের খাবারের কথা জানালেন তিনি। সম্প্রতি বুবলী তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে খাবার খাওয়ার সময়কার একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই তার প্রিয় সব খাবারের কথা তুলে ধরেন তিনি।
সিনেমা জগতে আসার পর থেকেই বুবলী বেশ স্বাস্থ্যসচেতন। ফিটনেস ধরে রাখতে নিয়মিত শারীরিক কসরত করেন তিনি। সম্প্রতি প্রকাশিত তার ভিডিওতে বুবলী জানান যে প্রতিদিন ব্যায়াম করলেও সপ্তাহে একদিন মন ভরে খেয়ে থাকেন তিনি। ভিডিওতে দেখা যায় একটি রেস্তোরায় খাচ্ছেন বুবলী। সঙ্গে ভিডিওতে বলছেন তার পছন্দের খাবারের কথা।
খাবারের ফাঁকে ফাঁকে বুবলী বলেন, “খাবারের ক্ষেত্রে আমি এক্সপেরিমেন্ট করি। তবে এক্সপেরিমেন্টাল খাবারের চেয়ে বাংলাদেশের খাবার আমার বেশি প্রিয়। এর মধ্যে ভাত, ভর্তা সবচেয়ে প্রিয়। অনেক খাই। সামনে আমার ভিডিওতে এসব খাবারও দেখবেন। এমনিতে ডায়েট করলেও ফ্রাইডেতে নো ডায়েট। সাদা ভাত আমার চাই-ই চাই। যত কিছুই খাই না কেন, সাদা ভাত ছাড়তে পারি না। শত ডায়েটেও সাদা ভাত খেতে হয়ই। আমি ভাত খেতে খুব ভালোবাসি। ম্যাঙ্গো স্টিকি রাইসও বেশ ভালো লাগে এবং কোকোনাট মিল্কও।”