আসছে ‘বাজিগর ২’, ফের নায়কের চরিত্রে শাহরুখ!

নায়ক হিসেবেই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন বলিউড কিং শাহরুখ খান। বলিউডে তিন দশক পার করার পর এখন তিনি সিনেমার রোমাঞ্চ কিং। দেশ-বিদেশে তার অগণিত ভক্ত। তার অভিনীত অল টাইম ব্লকবাস্টার সিনেমার মধ্যে “বাজিগর” অন্যতম। এ সিনেমায় প্রথমবারের মতো খলনায়ক চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছিলেন শাহরুখ খান। শিল্পা শেট্টি এবং কাজলের বিপরীতে শাহরুখের অভিনয় ছিল সত্যি প্রশংসার যোগ্য। এই সিনেমায় প্রথমে অনিল কাপুরকে ভিকির চরিত্রে কল্পনা করা হয় কিন্তু অনিল তখন অন্য সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন বলে মানা করে দেন এই অফার।

পরবর্তী সময়ে এই সিনেমার অফার যায় সালমান খানের কাছে। কিন্তু সালমানের বাবা সেলিম খান চাননি যে তার ছেলে এইরকম কোনো নেগেটিভ চরিত্রে অভিনয় করুক। তাই সালমান এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। অবশেষে এই অফার যায় শাহরুখ খানের কাছে এবং তিনি রীতিমতো এই অফার লুফে নেন।

‘‘বাজিগর’’ সিনেমার সেই ইতিহাসকে আবারও দর্শকদের সামনে ফিরিয়ে আনতে চান প্রযোজক রতন জৈন। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টা্ইমসের।

এ প্রসঙ্গে প্রযোজক বলেন, ‘‘বাজিগর টু নিয়ে শাহরুখের সঙ্গে কথা হয়েছে। যদিও এখনও কিছু ফাইনাল হয়নি। তবে সিনেমাটি যে অবশ্যই তৈরি হবে এবং শাহরুখকে নিয়েই তৈরি হবে সেই বিষয়ে আমরা আশাবাদী।”

তিনি আরও বলেন, ‘‘১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত আব্বাস মাস্তান পরিচালিত এই সিনেমাটি হিন্দি সিনেমার জগতে একটি ইতিহাস তৈরি করে। এই সিনেমাটির দ্বিতীয় পর্ব যদি আনা যায় তাহলে সেটি নিঃসন্দেহে একটি নস্টালজির ব্যাপার হবে। চিত্রনাট্য বা কাস্টিং নিয়ে এখনও কিছু চিন্তা ভাবনা করা হয়নি। আগামী দিনে এই বিষয়টি নিয়ে আমরা জোর কদমে আগাবো এবং খুব শীঘ্রই ‘বাজিগর ২’ নিয়ে আসবো দর্শকদের জন্য।”