অস্কারজয়ী সুরকার ও সঙ্গীত পরিচালক এ আর রহমানের বিচ্ছেদের খবরে যখন তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম, ঠিক তখন আরও একটি বিচ্ছেদের খবর জানা গেছে। এ আর রহমানের সঙ্গীত টিমের নারী গিটারিস্ট মোহিনী দে’রও সংসার ভেঙেছে।
বুধবার (২০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
২৯ বছরের মোহিনী দে কলকাতার মেয়ে। এ আর রহমানের সঙ্গে দেশে-বিদেশে প্রায় ৪০টি শো’য়ে পারফর্ম করেছেন তিনি। ২০২৩ সালের আগস্ট মাসে নিজের অ্যালবামও প্রকাশ করেছেন। শোনা যায়, রহমানের খুবই পছন্দের শিল্পী তিনি।
এ আর রহমানের বিচ্ছেদের খবরের কয়েক ঘণ্টা পর সোশ্যাল হ্যান্ডেলে সঙ্গীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা দেন মোহিনী।
মোহিনী তার পোস্টে লিখলেন, “হৃদয়ে খুবই বেদনা নিয়ে এটা জানাচ্ছি যে, মার্ক এবং আমি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। এই বিচ্ছেদ একেবারেই দুজনের সিদ্ধান্ত। দুজনে আলাদা হলেও, আমরা খুব ভালো বন্ধু থাকব। এবং ম্যাকের সঙ্গে কাজেও যুক্ত থাকব। আমরা দুজনে মিলে অনেকগুলো প্রোজেক্টে কাজ করছি। সেটা সফলভাবেই শেষ হবে। আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানান আপনারা, এটাই সবার কাছে চাইবো।”
এদিকে, সঙ্গীতপাড়ায় গুঞ্জন, অন্যকোনো সম্পর্কের কারণেই কি দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টানলেন এ আর রহমান।