গত শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে বাংলাদেশি মেগাস্টার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা “দরদ”। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। তবে মুক্তির প্রথম থেকেই দর্শক খরার মুখে পড়েছে সিনেমাটি।
আর এর মধ্যেই সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে ছড়িয়ে পড়েছে সিনেমাটি। যার ফলে এটি আরও ব্যবসায়িক লোকসানের মুখে পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ইউটিউবে ছড়িয়ে পড়া সিনেমাটি দেখে ধারণা করা হচ্ছে এটি কোনো প্রেক্ষাগৃহ থেকে ধারণ করা। তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে নির্মাতা অনন্য মামুনের কোনো বক্তব্য জানা যায়নি।
প্রসঙ্গত, ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসা সফল নায়ক হিসেবেই শাকিব খানকে বিবেচনা করা হয়। কিন্তু এই ব্যবসা পুরোটাই ঈদকেন্দ্রিক। ঈদে এমনিতেই দর্শক সমাগম থাকে সিনেমাহলগুলোতে। সেই সুযোগটাই কাজে লাগান নির্মাতা, প্রযোজকরা। আর এভাবেই গত কয়েক বছর ঈদে শাকিব অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন বলে দাবি সমালোচকদের। কিন্তু ঈদ ছাড়া শাকিবের বাজার কতটা ভালো? এমন প্রশ্ন বহুবার উঠেছে। আর “দরদ” সিনেমাটি পড়েছে সেই পরীক্ষার সামনেই।
“দরদ” সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, টলিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ।