এবার নতুন পালক যুক্ত হল ভারতীয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর মুকুটে। অস্কারের দৌড়ে শামিল হলো ইমনের গাওয়া গান। এর আগে তিনি ভারতের জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন।
আন্তর্জাতিক স্তরে বাংলা গানকে পৌঁছে দেন “তুমি যাকে ভালোবাসো” খ্যাত শিল্পী। স্বভাবতই গর্বের দিন ইমন-ভক্তদের জন্য।
২০২৫ সালের ৩ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর। সারা বিশ্ব থেকে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে গায়িকা ইমন চক্রবর্তীর একটি গান। এই প্রথম কোনো বাঙালি গায়িকার গান অস্কারের দৌড়ে শামিল হয়েছে। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত “পুতুল” সিনেমার “ইতি মা” শিরোনামের গানটি স্থান করে নিয়েছে অস্কার বাছাইয়ে।
ইমনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কিংবদন্তি লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা।
খবরটি জানতে পেরে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে ইমন জানান, খবরটি তিনি প্রথম পান মঙ্গলবার সকাল ১১টা নাগাদ। তখন তিনি একটি রিয়্যালিটি শো’য়ের সেটে, শুটিংয়ে ব্যস্ত।
ইমন বলেন, “আমি এখনও হজম করে উঠতে পারছি না বিষয়টা। আমাকে কেউ চিমটি কাটুক। আসলে এমন পরিস্থিতিতে আমার পেটের মধ্যে কেমন গুড়গুড় করতে থাকে।” খবর পেয়েই প্রথম সে কথা ইমন জানিয়েছেন ‘সারেগামাপা’র সেটের বন্ধু, সহ-বিচারকদের। তার পর তিনি খবর দিয়েছেন স্বামী নীলাঞ্জনকে।
ইমন বলেন, “আমার বাবা একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তাই তার পর বাবাকে ফোন করলাম।’’
ইতিমধ্যেই সারা দেশে সেরা গায়িকাদের তালিকায় নাম উঠেছে ইমনের। এ বার কি তবে অস্কার আসতে চলছে বাড়িতে? প্রশ্ন থামিয়ে দিয়েই গায়িকা বলেন, “না না, এত প্রত্যাশা আমি রাখি না।”
এদিকে “পুতুল” সিনেমার পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় ভারতীয় সংবাদামধ্যম হিন্দুস্তান টাইমসকে জানান, বাংলা ছবির জয়। বাংলা গানের জয়। আমার জানা নেই যে, কোনো বাংলা ছবির অস্কারের মঞ্চে গেছে নাকি। তাই এই জয়টা শুধু ব্যক্তিগত নয়, বাংলা ইন্ডাস্ট্রির জন্য আমি খুশি।”
“পুতুল” সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্যও প্রাথমিক ধাপে মনোনীত হয়েছেন সঙ্গীত পরিচালক সায়ন গঙ্গোপাধ্যায়। ইমনকে নিয়ে পরিচালক বললেন, “ইমন তো ভীষণ সোলফুল গায়িকা। গানটা ও খুব ভালোবেসে গেয়েছে। ওকে নিয়ে আলাদা করে আর কী বলব।”
এদিকে, ১ নভেম্বরের মধ্যেই অস্কারের মৌলিক গানের নমিনেশন জমা পড়েছিল। চূড়ান্ত ভোটিং পর্ব শুরু হবে আগামী ৯ ডিসেম্বর থেকে।