প্রিয়াঙ্কা চোপড়ার উত্থান হয়েছিল মডেলিংয়ের হাত ধরে। তারপর বিশ্বজয় করে পা রাখেন বলিউডে। তাতেও কীর্তি গড়েছেন তিনি। বলিউডে নিজের নৈপুণ্য দেখিয়ে পেয়েছেন দারুণ সুখ্যাতিও। তবে আপাতত সংসার, মেয়ে আর হলিউডের কাজ নিয়েই ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। তাকে আবার বলিউডে দেখার জন্য মুখিয়ে আছেন তার ভক্তরা। এবার তাদের জন্য সুখবর শোনালেন বলিউডের দেশি গার্ল খ্যাত এই অভিনেত্রী। জানালেন তিনি বলিউডে ফিরতে চলেছেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস বলিউডের অন্যতম পরিচিত এবং প্রথম সারির একজন অভিনেত্রী। প্রিয়াঙ্কাকে শেষবার বলিউড সিনেমায় দেখা গিয়েছিল ২০২১ সালে। সেই বছরই প্রিয়াঙ্কা রাজকুমার রাও এবং আদর্শ গৌরবের সঙ্গে “দ্যা হোয়াইট টাইগার” সিনেমাতে কাজ করেছিলেন। তারপর তাকে আর বলিউডের কোনো সিনেমায় দেখা যায় নি। তবে এবার তিনি আবারও হিন্দি ছবি করতে চলেছেন বলেই জানালেন।
প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি সৌদি আরবে চলমান রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন। জেদ্দার সেই অনুষ্ঠানেই প্রিয়াঙ্কা জানালেন তিনি শীঘ্রই একটি বলিউড প্রজেক্টে সাইন করবেন। তিনি তার বক্তব্যে বলেন, “আমি আমার শিকড় ভুলি না, যেখানে যাই সঙ্গে করে নিয়ে যাই। এখানেই আমার হাতেখড়ি। ভারত সবসময় আমার মনে থাকে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আগামী বছরই আমি হয়তো একটা বলিউড সিনেমায় কাজ করব। তাই সবাই প্রার্থনা করবেন যাতে সেই কাজটা হয়। আমি বলিউডের নাচগুলো খুব মিস করি।”
উল্লেখ্য, চলতি বছরে প্রিয়াঙ্কা চোপড়া দুটো হলিউড সিনেমায় কাজ করেছেন। একদিকে আছে অ্যাকশন কমেডি সিনেমা “হেডস অব স্টেট”। অপরটি হলো অ্যাকশন ড্রামা “দ্যা ব্লাফ”।