রাহাত ফতেহ আলীর কনসার্টের টিকিটে শিক্ষার্থীদের জন্য ৩৬% পর্যন্ত ছাড়

জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ঢাকায় কনসার্টে গান গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে “ইকোস অব রেভল্যুশন” শীর্ষক কনসার্টটি অনুষ্ঠিত হবে।

এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহিদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন”-এ দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ইতোমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু করেছে আযোজক প্ল্যাটফর্ম “স্পিরিটস অব জুলাই”।

এদিকে, জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকার কারণে তাদের প্রতি সম্মান রেখে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহর থেকে টিকিট কেনায় শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬% পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছেন আয়োজকেরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট তিনটি ক্যাটাগরিতে এ কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে।

“ভিআইপি” টিকিটের মূল্য ১০ হাজার টাকা। এ টিকিট ক্রেতারা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে ১৬ ডিসেম্বর “বিজয় দিবস” স্মরণে শিক্ষার্থীদের জন্য ১৬% ডিসকাউন্ট (ছাড়সহ ৮,৪০০ টাকা) দেওয়া হচ্ছে।

“ফ্রন্ট রো” টিকিটের মূল্য ৪,৫০০ টাকা। এ টিকিট ক্রেতারা সামনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে গণ–অভ্যুত্থানের বছর “২০২৪ সাল” স্মরণে শিক্ষার্থীদের জন্য ২৪% ডিসকাউন্ট (ছাড়সহ ৩,৪২০ টাকা) দেওয়া হয়েছে।

এছাড়া “জেনারেল” টিকিটের মূল্য ২,৫০০ টাকা। এ টিকিট ক্রেতারা পেছনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে “৩৬ জুলাই” স্মরণে শিক্ষার্থীদের জন্য ৩৬% ডিসকাউন্ট (ছাড়সহ ১,৬০০ টাকা) প্রদান করা হচ্ছে।

টিকিট কেনার সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয়ের দেওয়া ই–মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে (যেসব শিক্ষার্থীর এ ধরনের ই–মেইল নেই, তারা অন্যদের সহযোগিতায় টিকিট কাটতে পারবেন)।

রাজধানী ঢাকার পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ১৬ ডিসেম্বর থেকে বুথ বসানো থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও একটি বুথ বসানো হবে। এসব বুথ থেকে সহযোগিতা নিয়ে অথবা নিজেরাই অনলাইনে টিকিট কাটতে পারবেন শিক্ষার্থীরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ ডিসেম্বর রাতে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে যা চলবে ১৯ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও দেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানের পরিবেশনাও থাকবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার থাকবে।