পপির বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেন বোন

দীর্ঘদিন ধরে নিজেকে আড়ালে রেখেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। এরমধ্যে বিয়ে ও সন্তান জন্মের খবর বের হলেও বিষয়টি নিয়ে তিনি নিজে মুখ খোলেননি। হঠাৎ করেই ফের আলোচনায় পপি। এবার তার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় জিডি করেছেন নায়িকা পপির বোন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জিডি হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পপি ও তার স্বামী বর্তমানে খুলনায় অবস্থান করছেন।

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত “আমার ঘর আমার বেহেশত” সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা “কুলি”। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। সিনেমাটি সেই সময়ে সাত কোটি টাকা ব্যবসা করে মাইলফলক স্থাপন করে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি পপিকে।