ভালোবাসা দিবসে কবীর সুমন ভালোবাসার মানুষের সঙ্গে ছবি পোস্ট করে জানালেন, তার মনে আবারও বসন্তের ছোঁয়া লেগেছে। আবারও প্রেমে পড়েছেন কবীর সুমন। পোস্টটি দাবানলের গতিতে ভাইরাল হয়েছে। অনুরাগীরা ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সুমনকে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করেছেন তিনি। সেখানেই দেখা গেল সুমনের প্রিয়তমাকে। যার কাঁধে হাত রেখে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন সুমন। সত্তরোর্ধ্ব শিল্পীর ভ্যালেন্টেইনস ডে’র পোস্টে নতুন করে অনুপ্রেরণা খুঁজে পেল ভক্তরা। শুভেচ্ছার জোয়ারে ভরে গিয়েছে তার কমেন্ট বক্স।
সুমনের পোস্টে জানা গেল প্রেমিকার পরিচয়। কমেন্ট বক্সে পাল্টা সুমনের প্রতিউত্তর দিয়েছেন তিনিও। লিখেছেন, “আমিও তোমায় ভালোবাসি।”
ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তার নাম সৌমী বসু মল্লিক। হাওড়ার বাসিন্দা। ক্যাপশনে সুমন লিখেছেন, “আমাদের ভ্যালেন্টাইন, ২০২৫।”
বরাবরই স্পষ্টবাদী কবিয়াল প্রেমে পড়েছেন একাধিক বার। স্বীকার করলেন, প্রেমে আছেন। প্রেমিকার সঙ্গে কাটানো মুহূর্তে একে অপরের দিকে তাকিয়ে থাকেন, আদর করেন, চুমু খান। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে এসব কথা জানিয়েছেন কবীর সুমন।
সুমন আরও জানান, যার সঙ্গে ছবি দিয়েছেন, তিনি তার ছাত্রী। সুমন বলেন, “সৌমী আমার প্রাণের বন্ধু, তিনি আমার স্বজন। আমি তো বুড়ো হয়ে গিয়েছি। আমার রাতে একা থাকা বারণ। যে দু’-তিন জন রাতে আমার সঙ্গে বাড়িতে থাকেন, সৌমী তাদের মধ্যে একজন। তিনি আমায় ওষুধ দেন। খাওয়াদাওয়ার দেখভাল করেন।”
সৌমীর সঙ্গে যে ছবি সুমন দিয়েছেন, সেটাও হঠাৎ তোলা। সুমন বলেন, “সৌমীর স্কুলে চাকরি। সকালে উঠে ও বেরিয়ে যাচ্ছে তখন বললাম যে, একটা ছবি তুলি। বারান্দায় গিয়ে তখনই তুললাম।”
সুমনের কথায়, ‘‘প্রেম দিবসের পরিকল্পনা বলতে আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকি। আদর করি, চুমু খাই, নিজেকে নিয়ে হাসাহাসি করি। উল্টোপাল্টা কথা হবে, গুনগুন করে গান গাইব।’’
“তোমাকে চাই” থেকে “সাড়া দাও” কিংবা “খোদার কসম জান”-এর মতো গানগুলো অগণিত প্রেমিকের যেন নিজের গান। প্রজন্মের পর প্রজন্মকে ভালবাসতে শিখিয়েছে যে গান, তার স্রষ্টা কবীর সুমন।
কবীর সুমন আগেও বলেছেন, বয়স তার কাছে সংখ্যামাত্র। বছর দেড়েক আগেই এক সাক্ষাৎকারে তিনি কোনওরকম রাখঢাক না করে অকপটে স্বীকার করে নিয়েছিলেন যে, পঁচাত্তরেও সক্ষম তিনি। কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে সুমনের বিচ্ছেদ না হলেও দু দশক ধরে তারা একসঙ্গে থাকেন না।