চলে গেলেন ‘‘টপ গান’’ খ্যাত মার্কিন অভিনেতা ভ্যাল কিলমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। খবরটি নিশ্চিত করেছে দ্য নিউইয়র্ক টাইমস। অভিনেতা বেশ কয়েক বছর ধরে গলার ক্যানসারে ভুগছিলেন।
‘‘ব্যাটম্যান ফরএভার’’ সিনেমায় ব্রুস ওয়েন, অলিভার স্টোনের ‘দ্য ডোরস’-এ জিম মরিসনের চরিত্রে অভিনয় তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয়।
কিলমার ১৯৮০ ও ১৯৯০-এর দশকে হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা ছিলেন। ‘‘টপ গান’’, ‘‘রিয়েল জিনিয়াস’’, ‘‘টম্বস্টোন’’, ‘হিট’’ ও ‘‘দ্য সেন্ট’’ সিনেমায় অভিনয় করে ব্যাপক সাফল্য পান এবং দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হন।
বিরতি ভেঙে ২০২১ সালের ‘‘টপ গান: ম্যাভেরিক’’-এ অভিনয় করেছিলেন এই অভিনেতা। তবে গলার ক্যানসারের কারণে তখন তিনি কথা বলতে পারতেন না। ২০২১ সালে, তার জীবনের ওপর একটি তথ্যচিত্র প্রকাশিত হয়েছিল। তার ছেলে অভিনেতার কণ্ঠ দিয়েছেন।
জোয়েল শুমাখারের ১৯৯৫ সালের ‘ব্যাটম্যান ফরেভার’-এর জন্য কিলমার মাইকেল কিটনের কাছ থেকে দায়িত্ব নেন, যা সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়।
ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘‘দ্য আউটসাইডার্স’’ সিনেমা প্রত্যাখ্যান করার পর কিলমার ১৯৮৪ সালের ‘‘টপ সিক্রেট!’’ সিনেমায় অভিনয় করেন। তিনি এখানে একজন রকস্টারের চরিত্রে অভিনয় করেন। এই সিনেমায় নিজে গানও গেয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন কিলমার। ১৯৮৮ সালে অভিনেত্রী জোয়ান হোয়ালিকে বিয়ে করেন। ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান রয়েছে। কিলমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হলিউড তারকারা।