এবার “লাপাতা লেডিস” সিনেমার বিরুদ্ধে উঠলো গল্প চুরির অভিযোগ। গত অক্টোবর মাসে অস্কারের জন্য আমির খান এবং কিরণ রাও যুক্তরাষ্ট্রে সিনেমাটির প্রচার শুরু করেন। সেসময় বিদেশি দর্শকের কথা মাথায় রেখে ছবির নাম বদলে রাখা হয় “লস্ট লেডিস”। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ১৯ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি “বোরখা সিটি”। ফ্র্যাব্রিস ব্র্যাক পরিচালিত সেই ছবি থেকে প্রায় পুরোটাই নাকি নকল করেছেন কিরণ। কিছু কিছু দৃশ্যের একেবারে হুবহু অনুকরণ করেছেন পরিচালক। ইতিমধ্যেই তারকা জুটিকে নিয়ে অসন্তোষ ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ফ্যাব্রিস ব্র্যাকের বোরখা সিটির কিছু ক্লিপস। সেই শর্টফিল্মের একাধিক দৃশ্যের সঙ্গে হুবহু মিল কিরণ রাওয়ের লাপাতা লেডিসের।
এক্সে দ্য স্কিন ডিরেক্টর নামের এক অ্যাকাউন্ট থেকে বোরখা সিটির ক্লিপস শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস অস্কারের জন্য মনোনীত হয়েছিল মৌলিক গল্পের সিনেমা হিসেবে। তবে এটি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আরবি সিনেমা বোরখা সিটির রিমেক বলে মনে হচ্ছে।”
বোরখা সিটি সিনেমার দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই লাপাতা লেডিস নিয়ে কটাক্ষের ঝড় ওঠে। যদিও “লাপাতা লেডিস” ছবি নিয়ে সৃষ্টি হওয়া নতুন এই বিতর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি পরিচালক কিরণ রাও।
তবে এই প্রথম নয়। ছবি মুক্তির পরই ভারতীয় পরিচালক অনন্ত মহাদেবন অভিযোগ করেন তার ছবি “ঘুঙ্গট কে পট খোল”-এর অনুকরণ এই ছবি। যদিও সেই সময় কিরণ এই বিতর্ক প্রসঙ্গে জানান, তিনি মহাদেবনের এই ছবি দেখেননি। কিরণ তার এই ছবিতে পিতৃতন্ত্র থেকে নারীর ক্ষমতায়ণের বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন। প্রায় একই পদ্ধতিতে এই দুই ছবিও সেই গল্পই বলছে।
এর আগে, নিজের পরিচালিত ছবি অস্কারে দেশের প্রতিনিধিত্ব করছে বলে তিনি যে গর্বিত, সে কথাও জানিয়েছিলেন কিরণ। শেষ পর্যন্ত পুরস্কারের দৌড় থেকে ছিটকে গেলেও দেশে-বিদেশে প্রশংসা পায় সারল্যে ভরা এ ছবি।