আল্লু আর্জুনের নতুন সিনেমার ঘোষণা

বাড়ির সামনে সকাল থেকে অনুরাগীদের ভিড় বাড়ছে। জন্মদিনে প্রিয় তারকাকে এক ঝলক দেখার অপেক্ষায় ছিলেন অগণিত মানুষ। বিকেলের দিকে তাদের আশা পূরণ করলেন দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুন। আজ (মঙ্গলবার) ‘‘পুষ্পা’’ খ্যাত এই অভিনেতার ৪৩তম জন্মদিন। বিশেষ দিনে অনুরাগীদের দর্শন দিলেন তারকা। পাশাপাশি জন্মদিনেই আল্লুর নতুন ছবির ঘোষণাও দিয়েছেন নির্মাতারা। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।

সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লু আর্জুনের যে ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে অভিনেতা বাড়ির বাইরে এসে অপেক্ষারত অনুরাগীদের উদ্দেশে হাত নাড়ছেন। অভিনেতার পরনে ছিল সাদা টি শার্ট এবং কালো ট্রাউজার। চোখে কালো চশমা। অনুরাগীদের উদ্দেশে হাত নেড়েই তিনি বাড়ির ভিতরে চলে যান। অন্যদিকে সোমবার রাতেই পরিবারের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেছেন আল্লু।

অভিনেতার স্ত্রী সেই উদযাপনের ঝলক তুলে ধরেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়। স্বামীর সঙ্গে কেক কাটার ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‘আমার জীবনের ভালোবাসাকে তার ৪৩তম জন্মদিনের শুভেচ্ছা। আগামী বছরটা খুব ভালো কাটুক। সুস্থ থাকো, আনন্দে থাকো।’’

‘‘জওয়ান’’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে যে আগামী সিনেমা আল্লু জুটি বাঁধছেন তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। কিন্তু জন্মদিনে সেই খবরে সিলমোহর দিয়েছেন অভিনেতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের তরফ থেকে যে ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আল্লু এবং অ্যাটলি হলিউডের এক প্রখ্যাত ভিএফএক্স স্টুডিওতে একসঙ্গে প্রবেশ করছেন। এই সংস্থাই ‘‘মার্ভেল’’ সিরিজ এবং ‘‘অবতার’’-এর মতো সিনেমার সঙ্গে জড়িয়ে ছিল। সিনেমাটি যে অ্যাকশন ঘরানার, তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। আপাতত সিনেমার নাম স্থির হয়েছে ‘‘এএ ২২’’।