প্রথমবারের মতো ঢাকায় গান গাইবেন পাকিস্তানি সঙ্গীতশিল্পী আইমা বেগ।
শুক্রবার (১১ এপ্রিল) ঢাকার একটি কনভেনশন হলে ‘‘রুল দ্য ওয়ার্ল্ড’’ শিরোনামের কনসার্টে গান গাইবেন তিনি। এই কনসার্টের আয়োজক ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
‘‘ওয়ান ট্রু সাউন্ড’’–এর ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে নিয়মিত কনসার্টের আয়োজন করে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। এবার প্রথমবার এই আয়োজনে অংশ নিচ্ছেন পাকিস্তানের শিল্পী আইমা বেগ। বিকেল ৪টায় শুরু হবে এ আয়োজন।
এই কনসার্ট সেনা প্রাঙ্গণে আয়োজনে করার কথা থাকলেও পরবর্তী সময়ে ভেন্যু পরিবর্তন করা হয়। আয়োজকরা জানান, কেবল আমন্ত্রিত অতিথিরা এই কনসার্টে অংশ নিতে পারবেন।
উল্লেখ্য, ২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘‘লাহোর সে আগে’’তে প্রথম প্লেব্যাকের সুযোগ পান পাকিস্তানি এই সঙ্গীতশিল্পী। প্রথম সিনেমায় তিনটি গানে কণ্ঠ দেন তিনি। ‘‘কালাবাজ দিল’’ গানের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ড এবং গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ড পান তিনি। এছাড়াও ‘‘সাত দিন মোহাব্বত ইন’’, ‘‘দ্য ডাংকি কিং’’, ‘‘কাফ কাঙ্গানা’’, ‘‘বাজি’’ ইত্যাদি সিনেমায় গান গেয়ে আলোচনায় আসেন আইমা।
এছাড়াও কোক স্টুডিও পাকিস্তানের ২০১৭, ২০১৮ ও ২০১৯- এই তিন মৌসুমে গান গেয়েছেন এই সঙ্গীতশিল্পী।