অভিনেতা ইরেশ যাকেরসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ৪০৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আবেদন করেন।
এই মামলার বিষয়ে সোমবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “ইরেশ যাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং জানি। তিনি জুলাইয়ের আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন। ফলে তার বিরুদ্ধে এই মামলা অত্যন্ত উদ্বেগজনক।”
সংস্কৃতি উপদেষ্টা বলেন, “মামলা করেছেন একজন ব্যক্তি। এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের দেওয়া মামলা না। এখন মামলা করার স্বাধীনতা পেয়েছি সবাই। কেউ কেউ এটার অপব্যবহার করছেন। আমি বিশ্বাস করি পুলিশ এটির সঠিক তদন্ত করে, যেটি সত্য সেটির পক্ষে থাকবে আর যেটি মিথ্যা সেটি বাতিল করে দেবে।”
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। মামলার ১৫৭তম আসামি ইরেশ জাকের।
ইরেশ যাকের ছাড়াও মামলার আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক, সাবেক স্বরাষ্ট্রসচিব, ঢাকার সাবেক পুলিশ কমিশনারসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী এবং আসাদুজ্জামান নূর।