সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান চমক।
সম্প্রতি নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক পথচলা তুলে ধরার পাশাপাশি তার পরিচিত সাজ ও অবয়ব ধারণ করেছেন এই অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে।
চমক নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন। পর্বটির শিরোনাম ‘বেগম খালেদা জিয়া’।
ভিডিওটির ক্যাপশনে চমক লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প, যাকে তিনি গণতন্ত্রের মা ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করেছেন।
ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন লোকেশনে ও স্টুডিওতে ধারণ করা হয়েছে ভিডিওটির দৃশ্য। সেখানে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়।
এছাড়াও, তার সাজ, পোশাক ও উপস্থাপনার ধরন খালেদা জিয়ার পরিচিত উপস্থিতির সঙ্গে অনেকটাই মিলে যাওয়ায় বিষয়টি দর্শকদের নজর কেড়েছে।



