বঙ্গবন্ধুর বায়োপিক “মুজিব: একটি জাতির রূপকার” সিনেমায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ফারুকী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথগ্রহণের পরই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় উপদেষ্টাকে।
এক প্রশ্নের জবাবে মোস্তফা সরয়ার ফারুকী জানান, বঙ্গবন্ধুর বায়োপিকে কোন পরিস্থিতিতে তিনি অভিনয় করেছিলেন, সেই উত্তর তিশাই দিতে পারবেন।
বঙ্গবন্ধুর বায়োপিকে তিশার অভিনয় করার সিদ্ধান্তটা কি ভুল ছিল? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমাদের (তিশা-ফারুকী) দাম্পত্য জীবনটা হচ্ছে এ রকম, প্রত্যেকেই তার পেশাগত জীবনের বিষয়ে স্বাধীন। আপনি কি মনে করেন আমরা এমন সমাজে বাস করছি যেখানে, স্ত্রী তার পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে বা আমি পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার স্ত্রীর অনুমতি নেবো? আই ডোন্ট থিঙ্ক সো।”
তিনি বলেন, “সে (তিশা) তার পেশাগত জীবনের সিদ্ধান্ত নিজেই নেয়। তিনি ওটার উত্তর দিতে পারবেন- কোন পরিস্থিতিতে কেন তাকে ওটা (বঙ্গবন্ধু বায়োপিকে অভিনয়) করতে হয়েছে। এখানে আমার ভুল করার কী আছে, আমি বুঝতে পারছি না।”