নজরুল পুরস্কার পাচ্ছেন ৪ শিল্পী ও গবেষক

নজরুলসঙ্গীত, সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার নজরুল পুরস্কার পাচ্ছেন ৪ শিল্পী ও গবেষক।

সোমবার (৫ মে) গণমাধ্যমে পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা পাঠায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এ বছর ‘‘নজরুল পুরস্কার ২০২৩’’ ও ‘‘নজরুল পুরস্কার ২০২৪’’ একসঙ্গে দেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে। প্রতিবছর পুরস্কারপ্রাপ্তদের পদক, ২ লাখ টাকা এবং সম্মাননা স্মারক দেয় প্রতিষ্ঠানটি। এ বছর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের রৌপ্যপদক দেওয়ার কথা রয়েছে।

নজরুল গবেষণা বিভাগে ২০২৩ সালের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন নজরুল–গবেষক ও বেসরকারি ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ইংরেজি সাহিত্যের অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন। আর নজরুলসঙ্গীতে অবদানের জন্য সঙ্গীতশিল্পী ও প্রশিক্ষক রুমী আজনবী, ২০২৪ সালে নজরুল গবেষণা বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন নজরুল-গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার ও জাতীয় কবির কবিতা আবৃত্তিতে অবদান রাখায় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন আবৃত্তিকার, আবৃত্তি প্রশিক্ষক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী নাসিম আহমেদ।

এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘‘নজরুলের বিদ্রোহী চেতনাদীপ্ত ২৪-এর গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন বাংলাদেশে এবারের নজরুল পুরস্কার ভীষণ তাৎপর্যপূর্ণ। এবার যারা পুরস্কৃত হলেন, তারা সবাই জীবনব্যাপী নজরুলচর্চায় অনন্যসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। নজরুল ইনস্টিটিউট তাদের কর্মের মূল্যায়ন করে আগামী প্রজন্মের জন্য নজরুল চেতনার দ্বারকে আরও প্রসারিত করল।’’