অভিনয়ে আসা প্রসঙ্গে মুখ খুললেন শচীনকন্যা সারা

বলিউডে পা রাখার আগে থেকেই গ্ল্যামার দুনিয়ায় বেশ আলোচনায় থাকেন সারা টেন্ডুলকার। নিয়মিত মডেলিং করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীসংখ্যাও কম নয়। কিন্তু কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার কী রুপালি পর্দায় পা রাখবেন, এ নিয়ে গুঞ্জন অনেক পুরোনো।

যদিও এতদিন স্পষ্ট কোনো জবাব দেননি সারা। তবে এবার ভারতের বিনোদন সংবাদমাধ্যম ভোগ ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় তাকে বলতে শোনা গেল, টিনসেল টাউনে পদার্পণ নিয়ে কী ভাবছেন তিনি।

সারা জানিয়েছেন, তিনি মোটেই সিনেমায় অভিনয় করবেন না। এই নিয়ে তার মনে কোনো দ্বিধাদ্বন্দ্বও নেই।

সারা বলেন, “আমি অন্তর্মুখী। ক্যামেরা দেখলে ভয় পাই। যত সিনেমার প্রস্তাব আসে, আমি সব না করে দেই। কেননা আমি সত্যিই বিশ্বাস করি আমি কাজের প্রতি সুবিচার করতে পারব না। অভিনয় আমার সন্তুষ্টির পরিবর্তে আরও উৎকণ্ঠা তৈরি করবে।”

সারার এমন উত্তরে অনেকেই চমকে যাবেন। কারণ সারাকে দেখে কখনও বোঝাই যায় না ক্যামেরার সামনে তার ভীতি কাজ করে। নানান ব্র্যান্ডের বিজ্ঞাপনে ও ম্যাগাজিনের শুটে স্বচ্ছন্দেই পোজ দিতে দেখা যায় লিটল মাস্টারের কন্যাকে।

এ বিষয়ে সারা বলেন, “আমি ফ্যাশন, লাইফস্টাইলে কাজ করি ক্রিয়েটর হিসেবে। কিন্তু কেবল সেই কাজই নেই যেটা আমার ঠিকঠাক বলে মনে হয়। সব অফারে আমি হ্যাঁ বলি না।”

অভিনয় করুন আর না করুন, সারাকে দেখলেই পিছু নেন আলোকচিত্রীরা। তিনি জানিয়েছেন এটা তার জন্য অস্বস্তির। কারণ তিনি বড় হয়েছেন খুব সাধারণভাবে।

সারা বলেন, “আমার শৈশবটা ছিল একদম স্বাভাবিক। কলোনির বন্ধুদের সঙ্গে খেলেছি, ক্লাস করেছি নিয়ম করে। তখন পাপারাজ্জি সংস্কৃতি এতটা বাড়েনি। আর এখন? রেস্তোরাঁ, জিম সব জায়গায় ওরা হাজির। তবে নিজেকে উপস্থাপন করার ক্ষেত্রে আমি যথাসম্ভব সত্যিকারের আমি হয়ে থাকার চেষ্টা করি।”

তিনি আরও জানান, তার মূল আগ্রহ পড়াশোনায় ও মানবসেবামূলক কাজে। সিনেমার সেটের থেকে এসব কাজে তার কৌতূহল বেশি। তবে তিনি যাই বলুন, নেটিজেনদের কিন্তু তাকে নিয়ে কৌতূহল প্রবল।

এতদিন শোনা যেত ভারতীয় ক্রিকেটার শুভমান গিলকে নাকি মন দিয়েছেন সারা। কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য একজনের নাম। তিনি বলিউডের সিদ্ধান্ত চতুর্বেদী। যদিও দু’জনেই কেউই এ বিষয়ে কোনো কথা বলেননি। তবে কানাঘুষা, একাধিক রেস্তোরাঁয় একসঙ্গে দেখা গেছে তাদের।