তার সমসাময়িক আমির খান ও শাহরুখ খান রুপালি পর্দায় অসংখ্য নায়িকার সঙ্গে রোমান্স করেছেন এবং বেশ কিছু দৃশ্যে চুম্বনও করেছেন। কিন্তু পর্দায় কখনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি বলিউড তারকা সালমান খানকে। অবশ্য এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যা তিনি নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে উল্লেখ করেছেন।
ঐশ্বরিয়া রাই থেকে ক্যাটরিনা কাইফ; বাস্তবের প্রেমিকাদের সঙ্গে পর্দায় জুটি হলেও চুম্বনের দৃশ্যে দেখা যায়নি। এর পেছনে ঠিক কী কারণ?
“প্রেম রতন ধন পায়ো” সিনেমা মুক্তির আগে এক ওয়েব শোতে এই বিষয়ে কথা বলেন সালমান খান। তিনি বলেন, “আমি এতে খুব অস্বস্তি বোধ করি। আমি লাজুক নই, কিন্তু আমার এটা ভালো লাগে না। আমার মনে হয় না যে পর্দায় চুম্বনের প্রয়োজন আছে। যেদিন এমন দরকার হবে, সেদিন করে নেব। কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয়নি যে পর্দায় চুম্বনের কোনো প্রয়োজন আছে।”
তিনি আরও বলেন, “আমরা যখন ছোট ছিলাম, তখন পুরো পরিবার একসঙ্গে ভিডিও ক্যাসেট প্লেয়ারে সিনেমা দেখতাম। চুম্বন দৃশ্য এলে সবাই চোখ ঘুরিয়ে নিতো বা অন্যদিকে তাকাতো। সেই অস্বস্তির স্মৃতি এখনও মনে পড়ে, তাই আমি চুম্বনের দৃশ্য এড়িয়ে চলি।”
নিজের ক্যারিয়ারে সালমান তার এই “নো কিস পলিসি” একবারই ভেঙেছেন। আর তা হলো “জিত” ছবিতে। এই ছবিতে কারিশমা কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল সালমানকে। চিত্রনাট্যের প্রয়োজনে নায়িকার চিবুকে চুমু খেয়েছিলেন সালমান। এরপর তাকে কখনও এর পুনরাবৃত্তি ঘটাতে দেখা যায়নি।