দেশের চলচ্চিত্রকে সুসংহত ও আন্তর্জাতিক মানদণ্ডে এগিয়ে নিতে এক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ।
শনিবার (১২ জুলাই) বিকেলে “ভবিষ্যতের চলচ্চিত্র: বাংলাদেশের প্রেক্ষাপট” শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে।
জানা গেছে, সেমিনার উদ্বোধন করা হবে বিকেল ৩টায়। এতে সভাপতিত্ব করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম কচি। অতিথি হিসেবে আসন অলংকৃত করবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক আব্দুল জলিল।
‘ভবিষ্যতের চলচ্চিত্র: বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার পেপার পাঠ ও অংশীজনের মধ্যে উন্মুক্ত আলোচনা হবে বিকেল সাড়ে ৩টায়। ৪টায় “আম কাঁঠালের ছুটি” সিনেমার নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান সকলের সঙ্গে তার অভিজ্ঞতা বিনিময় করবেন। ৫টায় সিনেমাটি প্রদর্শিত হওয়ার মধ্য দিয়ে এদিন অনুষ্ঠান শেষ হবে।