সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা যেন থামছেই না। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে আশির দশকের একটি বাংলা সিনেমার গান। জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো সেই গানের কথার সঙ্গে পে-স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তার মিল খুঁজে পাচ্ছেন অনেকে।
আলোচনায় আসা গানটি হলো ‘তুমি আমার জীবন’। রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া গানটির ‘কেউ জানে না’ কথাগুলোই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। গানটি ব্যবহার করা হয়েছিল ‘অবুঝ হৃদয়’ সিনেমায়।
পে-স্কেল নিয়ে মজার ছলে অনেকে গানটির ভিডিও শেয়ার করছেন। রুবেল মাহমুদ নামে একজন লিখেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা যে কবে শেষ হবে জানি না। প্রতিদিনই নতুন নতুন খবর আসে, কিন্তু চূড়ান্ত খবর কবে আসবে কেউ জানে না। এটা কবে জানা যাবে, সেটাও মনে হয় কেউ জানে না।’
পে-স্কেল নিয়ে আলোচনা কবে চূড়ান্ত হবে, সেই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। আর এই ‘কবে’ ও ‘কেউ জানে না’ কথাগুলোই সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো গানটিকে নতুন করে আলোচনায় এনেছে।
ফারুক সাকিব নামে একজন লিখেছেন, ‘পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে, তার সঙ্গে গানের কথা একেবারে মিলে গেছে। আমরা কেউ কিছু জানি না। কিন্তু প্রতিদিনই এই খবর প্রকাশ পায়।’
ইউটিউবে গানটির ভিডিও ১৮ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। সিনেমাটির আলোচিত এই গানের ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানোর দৃশ্যও অনেকের নজর কেড়েছে।
‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। গানটির কথা লিখেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।



