ইনস্টাগ্রামে বিটিএস তারকা জাংকুক ফলোয়ারদের তাণ্ডব!

ইনস্টাগ্রামে নতুন অ্যাকাউন্ট খুলেছেন বিটিএস তারকা জাংকুক। অবাক করার মতো বিষয় হলো, এখনো একটিও ছবি বা ভিডিও পোস্ট না করেই এক দিনে ৬৮ লাখের বেশি ফলোয়ার পেয়েছেন তিনি।

কোরিয়া হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (১৫ জুলাই)  "এমএনআইজাংকুক" নামে অ্যাকাউন্টটি চালু করেছেন জাংকুক। অনেকেই প্রথমে ভাবছিলেন, এটি আসলেই তাঁর অ্যাকাউন্ট কিনা। পরে উইভার্স লাইভে এসে জাংকুক নিজেই নিশ্চিত করেছেন যে এটি তাঁর।
 "এমএনআইজাংকুক" এর অর্থ "মাই নেম ইজ জাংকুক"।

২০২১ সালে প্রথমবার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি, যেখানে তাঁর ফলোয়ার ছিল ৫ কোটিরও বেশি। তবে ২০২৩ সালে হঠাৎই অ্যাকাউন্টটি মুছে ফেলেন এবং জানান, তিনি আর ইনস্টাগ্রাম ব্যবহার করবেন না।

নতুন অ্যাকাউন্টে জাংকুক বিটিএসের অফিসিয়াল পেজ এবং দলের অন্য সদস্যদের ব্যক্তিগত অ্যাকাউন্টও ফলো করেছেন তিনি।

গত ১১ জুন সেনাবাহিনীতে বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষ করেছেন জাংকুক। আগামী বছর বিটিএসের পূর্ণ শক্তিতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর এই নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেন সেই প্রত্যাবর্তনেরই আগাম বার্তা, যা ইতিমধ্যেই প্রমাণ করেছে জাংকুকের বিশ্বজোড়া অটল জনপ্রিয়তা।