গুরুতর আঘাত পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। মেয়ে সুহানা খানের সঙ্গে নিজের আসন্ন সিনেমা ‘‘কিং’’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলিউডের বাদশা। গত বেশ কয়েক মাস ধরেই দফায় দফায় লন্ডনে শুটিং চলছে। এর মাঝেই জানা গেল, পেশিতে চোট পেয়েছেন অভিনেতা। যদিও আঘাত কতটা গুরুতর, তার সঠিক তথ্য গোপন রাখা হয়েছে। তবে শাহরুখ এবং তার দল জরুরি চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে অভিনেতা একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। সেখানেই স্টান্ট করার সময় চোট পান তিনি। কিন্তু শরীরের কোথায়, কতটা আঘাত পেয়েছেন, তা প্রকাশ্যে আনা হয়নি। শাহরুখের সহযোগী দলের তরফ থেকেও এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এটুকু জানা গেছে, এটি গুরুতর কিছু নয়, বরং পেশীতে আঘাত পেয়েছেন বলিউড কিং। তবে এটাই প্রথম নয়, শাহরুখ বছরের পর বছর ধরে স্টান্ট করার সময় তার শরীরের একাধিক পেশীতে আঘাত পেয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, অভিনেতার অস্ত্রোপচার করা হয়েছে এবং এরপর তাকে কাজ থেকে এক মাসের বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী শুটিং শুরু হবে সেপ্টেম্বর-অক্টোবরে। কারণ এর আগে তিনি পুরোপুরি ফিট হবেন না। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পর, তিনি আবারও পুরো শক্তি নিয়ে সেটে কাজ শুরু করতে পারবেন।
এই অভিনেতার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ফিল্ম সিটি, গোল্ডেন টোবাকো এবং ওয়াইআরএফ-এ ‘‘কিং’’ সিনেমার বিভিন্ন অংশের শুটিংয়ের জন্য যে বুকিং দেওয়া ছিল, তা বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় শাহরুখ একজন আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্রে অভিনয় করছেন। এখানে সুহানা খান আছেন তার শিষ্যের ভূমিকায়। সিনেমাটি ভারত ও এর বাইরে শুটিং করা হবে। উল্লেখযোগ্য অংশগুলোর শুটিং হবে ইউরোপে। সিনেমাটি প্রযোজনা করছে মারফ্লিক্স এন্টারটেইনমেন্ট এবং রেড চিলিজ।