প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী এ কে রাতুল মারা গেছেন।
রবিবার (২৭ জুলাই) উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন রাতুল। সেখান থেকে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
রাতুল “ওন্ড” ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাতুলের ব্যান্ড “ওন্ড” বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন যাত্রা শুরু করে। ২০১৪ সালে তাদের প্রথম অ্যালবাম “ওয়ান” এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম “টু” মুক্তির ব্যান্ডটি দারুণ জনপ্রিয়তা পায়।
এ কে রাতুল কেবল একজন গায়কই ছিলেন না, তিনি রক সংগীতজগতের একজন দক্ষ প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে অবদান রয়েছে তার।
উল্লেখ্য, মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা যান জনপ্রিয় চিত্রনায়ক জসীম। তার তিন ছেলে—এ কে রাহুল, এ কে রাতুল এবং এ কে সামী। বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি তারা, কাজ করছেন সংগীতজগতে। তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে। এর মধ্যে রাহুল "ট্রেনরেক" ব্যান্ডের গিটারিস্ট ও "পরাহো" ব্যান্ডের ড্রামার, রাতুল যুক্ত ছিলেন "ওন্ড" ব্যান্ডের সঙ্গে। সামীও এই ব্যান্ডের সঙ্গে যুক্ত।