মারা যাওয়ার ১৬ বছর পরেও তিনি রয়ে গেছেন অমলিন। সঙ্গীত থেকে নাচ, ফ্যাশন থেকে ব্যক্তিত্ব - মাইকেল জ্যাকসন এখনও বিশ্বজুড়ে অনুরাগীদের হৃদয়ে বেঁচে আছেন। সম্প্রতি এই পপ সম্রাটের একটি বিরল স্মারক নিলামে বিক্রি হয়েছে প্রায় ১১ লাখ টাকায়।
নিলাম সংস্থার তথ্য অনুযায়ী, ১৯৯৭ সালে ফ্রান্সে হাই স্টোরি ওয়ার্ল্ড ট্যুরের সময় মাইকেল যে সাদা রাইনস্টোন খচিত মোজা ব্যবহার করেছিলেন, সেটিই নিলামে তোলা হয়। কনসার্ট শেষে মেকআপ রুমে ফেলে যাওয়া মোজাটি একজন টেকনিশিয়ান সংগ্রহে রাখেন। বহু বছর পর সেটি নিলামে বিক্রি হয় ৮,৮২২ ডলারে (বাংলাদেশি টাকায় প্রায় ১১ লাখ)।
নিলামকারী অরোরা ইলি বলেন, “মাইকেল জ্যাকসনের ভক্তদের কাছে এই মোজাটি এক অমূল্য রত্ন। এর ঐতিহাসিক মূল্য অসাধারণ।” প্রাথমিকভাবে মোজার দাম ধরা হয়েছিল ৩,৪০০ ডলার (প্রায় ৪ লাখ ১৩ হাজার টাকা), তবে শেষ পর্যন্ত তা দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হয়।
এই মোজার নকশা ছিল জ্যাকসনের নিজস্ব ভাবনা। কালো স্যুট, টুপি, সাদা দস্তানা এবং এমন ঝলমলে মোজা - সব মিলিয়ে তা ছিল তার ফ্যাশন আইকন।
এর আগে, ২০২৩ সালে একই কনসার্টে ব্যবহৃত তার একটি টুপি বিক্রি হয়েছিল ৮০ হাজার ডলারে (প্রায় ৯৮ লাখ টাকা)।
প্রসঙ্গত, ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে তিনি মারা যান। তার স্মারকগুলোর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ২৮ বছর আগের সেই মোজা কিছুটা হলদে হয়ে গেলেও, এর ঐতিহাসিক ও আবেগী মূল্য একটুও কমেনি - বরং সময়ের সঙ্গে আরও বেড়েছে।